রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর কলাকুশলী এবং শিল্পীদের নিরাপত্তা নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং চলে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে। সেখানে শিল্পীদের নিরাপত্তা ছাড়াও আলোচনা হয় ব্যান নিয়ে।
দেব এদিন মিটিং শেষে বলেছিলেন, "অনেক পরিচালক, অভিনেতারা ব্যান হয়ে আছে তাঁরা ৭২ ঘণ্টায় ফিরবে কাজে। যাঁরা যাঁরা ব্যান হয়ে আছেন তাঁদের সঙ্গে প্রসেনজিৎদা কথা বলবেন। তারপর জানাবেন। যাঁদের কাজ নেই তাঁরা বুঝবেন বিষয়টা কেমন। তাই এই বিষয়েও আজ কথা হয়েছে।"
এরপর সমাজমাধ্যমে প্রসেনজিৎকে ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুড়ে দেন দেব। এমনকী নিজের আগামী ছবি 'দেশু ৭'-এও অনির্বাণ ভট্টাচার্যকে সুযোগ দিয়ে বিরাট ঝড় তোলেন। এদিকে, এই বিষয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রবিবার মিটিং-এর আয়োজন করা হয়। মিটিং-এ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার কথা ওঠে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, "আমার সঙ্গে দেবের প্রায় রোজই কথা হয়। কিন্তু কোনও পাবলিক প্ল্যাটফর্মে আমার মনে পড়ে না ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলাম বলে। ৭২ ঘণ্টার মধ্যে ব্যক্তি প্রসেনজিৎ কিংবা আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতির পক্ষে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয়। সেদিন রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে যে মিটিং হয়েছিল, সেখানে দেব যখন এই ব্যান কালচার নিয়ে কথা তোলে তখন আমি যেমন বলে থাকি এখন এটার সময় নয়, দু'একদিন যেতে দে, তেমনই বলেছিলাম। সেটা যে আমার কাছে চ্যালেঞ্জ হয়ে আসবে, জানা ছিল না।"
এদিন প্রসেনজিৎ আরও বলেন, "সমাজমাধ্যমে পোস্ট করার আগে দেবের একবার আমার অনুমতি নেওয়া উচিত ছিল। এটা আমার খুব খারাপ লেগেছে। এমনকী চিঠিটা ফেডারেশনকে অ্যাড্রেস করে কিছু শুভাকাঙ্ক্ষীদের রেখে ও করতে পারত। আজ আমরা অবশ্যই ব্যান নিয়ে আলোচনা করতাম, ভেবেছিলাম দু-পক্ষকে মুখোমুখি বসিয়ে কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব। আমাদের আর্টিস্ট ফোরাম কখনও কাউকে ব্যান করতে পারে না, বড়জোর কেউ নিয়ম ভাঙলে তাকে সাসপেন্ড করতে পারে ক'দিনের জন্য। এই কথা আমাদের সভাপতি রঞ্জিত মল্লিকও বলেছেন। দেবের উপর কেউ রাগ করিনি, ওর কাজকে সব সময় সমর্থন করেছি। অনির্বাণকে ও ছবিতে কাজ দিয়েছে খুব ভাল বিষয়। কিন্তু মনে করে দেখবেন এক সময় শুটিং ফ্লোরে এসে আমার পুজোর ছবির শুটিংও বন্ধ হয়ে গিয়েছিল, তখন একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিছু নিয়ম তো আমাদের মানতে হবে। কাজ করবে না কেউ তাকে বসিয়ে দেওয়া হবে এরকম নিয়ম আর্টিস্ট ফোরামের নেই। আমার ক্ষমতা নেই বলে দেব আজ থেকে এটা হবে মানে এটাই হবে। আমিও পরিবারের সদস্য, সবাইকে নিয়ে কথা বলে সিদ্ধান্ত জানাতে হবে।"
















