দীক্ষা ভুঁইয়া


টলিউডে জোর গুঞ্জন শাসকদল বিজেপিতে যোগ দিতে পারেন প্রসেনজিৎ চ্যাটার্জি। দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন সমস্যায় গুরুদায়িত্ব পালন করলেও সরাসরি রাজনীতির মঞ্চে কখনও দেখা যায়নি প্রসেনজিৎ চ্যাটার্জিকে৷ তবে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, নবান্নে উপস্থিত শতাব্দী রায়, ইউসুফ পাঠান, আবু তাহের , খলিলুর রহমান।

কয়েকদিন আগেই অমিত শাহ রাজ্য সফরে এসে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গিয়েছিলেন৷ অল্প কিছুক্ষণ ছিলেন৷ এরপরেই আজ নবান্নে প্রসেনজিৎ চ্যাটার্জির উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷ 

৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছিলেন অমিত শাহ৷ এইদিন প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মিনিট পনেরো ছিলেন অভিনেতার বাড়িতে৷ সেই সময় লকেট চ্যাটার্জিও ছিলেন৷ 

কিছুদিন আগেই বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রসেনজিৎ চ্যাটার্জি।  পদ্মসম্মান গ্রহণ করতে প্রসেনজিৎ দিল্লি গিয়েছিলেন৷ সূত্রের খবর,  সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় তাঁর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা৷ তবে ১৫ মিনিটের ঝটিকা সফরে প্রসেনজিৎ এর সঙ্গে বিশেষ কোনও কথাবার্তা হয়েছিল কিনা সেই বিষয় কিছু জানা যায়নি৷

প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জে বাড়িতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছিলেন, "বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ওঁর বাসভবনে কিছুক্ষণ সময় কাটালাম৷ গত ১২ বছরে মোদি সরকারের বিশেষ জনসংযোগ অভিযান এর ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম৷" 

অমিত শাহের পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছিলেন, "আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন, এবং আমাকে উপহার হিসেবে দেওয়া  বইগুলির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সঙ্গে কাটানো সময়, আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার এই আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।"

৪ মে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ৯ মে৷ ওইদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।