রথের দিন বড় চমক দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দর্শক সম্প্রতি তাঁকে রকস্টার রূপে দেখেছেন অভিমান ছবিতে। এবার তিনি 'ডাক্তার কাকু' হিসেবে বড়পর্দায় আসতে চলেছেন।
রথের দিন সকাল সকাল প্রকাশ্যে এল 'ডাক্তার কাকু' ছবিটির পোস্টার। সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটি চালিয়ে যাচ্ছেন, সামনে আলোর ছটা। রয়েছে আধো আঁধারিতে কিছু বাড়ির অবয়ব। এদিন পোস্টারের পাশাপাশি ছবির মুক্তির দিনও প্রকাশ্যে আনা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর, অর্থাৎ শিক্ষক দিবসের ঠিক প্রাক্কালে মুক্তি পাবে ছবিটি। কিন্তু কেন? কোন গল্প ফুটে উঠবে 'ডাক্তার কাকু' ছবিতে? কেমন হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রটি? আজকাল ডট ইনকে জানালেন প্রযোজক, অভিনেত্রী এনা সাহা।
'ডাক্তার কাকু' কি কোনও বাস্তবের চরিত্র অবলম্বনে বানানো হয়েছে? এই প্রসঙ্গে এনা সাহা বলেন, "রিয়েল লাইফের কোনও চরিত্র নিয়ে নয় ছবিটি। তবে বাস্তব জীবনে এমন অনেক ডাক্তাররা আছেন যাঁরা এভাবেই মানুষের চিকিৎসা করেছেন নিজেদের কথা না ভেবে, সময় না দেখে। পরিবারকে স্যাক্রিফাইস করে, নিজেদের সময় স্যাক্রিফাইস করে তাঁরা রুগী দেখেন, সেরকমই এক চরিত্রের গল্প ডাক্তার কাকু।" তিনি এদিন আরও বলেন, "এখানে একদিকে বাবা ছেলের গল্প দেখা যাবে, অন্যদিকে একজন ডাক্তারের কথা ফুটে উঠবে। ডাক্তার কাকু এমন একটা চরিত্র যাঁর এথিক্স, আদর্শ, শিক্ষা অত্যন্ত স্ট্রং।"
'ডাক্তার কাকু' ছবিতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া দেখা হবে ঋদ্ধি সেন এবং এনা সাহাকে। আর কারা রয়েছেন? অভিনেত্রী এবং এই ছবির প্রযোজক বলেন, "বুম্বাদা আঙ্কেল ছাড়া আমি, ঋদ্ধি সেন আছি। তুলিকা বসু আছেন। এছাড়া এমন প্রচুর শিল্পী আছেন যাঁদের আমরা ছোটপর্দায় রোজ দেখি, যেমন সুচন্দ্রা, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়।"
'ডাক্তার কাকু' ছবিটির পরিচালনা করেছেন পাভেল। তিনিও এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন। 'ডাক্তার কাকু' ছবিটি মেটাট্রন প্রোডাকশনসের নিবেদনা এবং এনা সাহা ও বনানী সাহার প্রযোজনায় আসছে।
















