রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর পর গোটা টলিউড ইন্ডাস্ট্রি যেন নড়েচড়ে বসেছে। একা হাতে টলিউডের মিটিং থেকে শুরু করে পুলিশি জট সামলেছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে ছেলে সহজ ও রাহুলের শোকাচ্ছন্ন মাকেও সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। এর মধ্যে নিজের জন্য সময় কই? কিন্তু স্বাভাবিক জীবনে যে ফিরতেই হবে। সূত্রের খবর, পয়লা বৈশাখে নতুন কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী।

আলাদা আলাদা মানুষের জীবন সংগ্রামের গল্পকে এক সুতোয় গাঁথতে আসছে নতুন এক বাংলা ছবি। নাম, 'অনুমানের ভিত্তিতে'। পরিচালনায় অভিজ্ঞান মুখোপাধ্যায়। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সূত্রের খবর, তাঁর বিপরীতে দেখা যেতে পারে অভিনেতা জন ভট্টাচার্যকে। অসমপ্রেম, বন্ধুত্বের ছবি ফুটে উঠবে গল্পে। তবে এই ছবির শুটিং এখনই শুরু করছেন না প্রিয়াঙ্কা। তবে খুব তাড়াতাড়িই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন তিনি।

অন্যদিকে, শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা নাকি বিক্রম চ্যাটার্জির প্রযোজনায় 'তারকাটা' ওয়েব সিরিজের শুটিংয়ে ফিরতে পারেন ইতিমধ্যেই। এই সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যুর খবর এসেছিল প্রিয়াঙ্কার কাছে। সেই মুহূর্তে তড়িঘড়ি তালসারিতে ছুটেছিলেন তিনি। আর্টিস্ট ফোরামের সহযোগিতায় রাহুলের মৃত্যুর তদন্তে কলকাতা এবং তালসারিতে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। 

বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রিয়াঙ্কা লেখেন, 'ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত।  এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

প্রসঙ্গত, অভিজ্ঞানের পরিচালনায় এই ছবিতে থাকতে পারেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। দেখা যাবে লিলি চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, শ্রীলেখা মিত্র, অমৃতা চ্যাটার্জি, শ্রীমা ভট্টাচার্য, রোহন ভট্টাচার্যকে‌। এছাড়াও থাকবেন টলিউডের আরও পরিচিত মুখ।