বলিউডের ‘দেশি গার্ল’ এখন আন্তর্জাতিক তারকা। দেশে হোক বা বিদেশে, বরাবরই বিনোদনের শিরোনামের কেন্দ্রে উঠে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। বরাবরই মেয়ের নিরাপত্তা নিয়ে সজাগ থাকেন নায়িকা। কিন্তু মেয়েকে নিয়ে কেন এত চিন্তায় থাকেন তিনি? সম্প্রতি সেই কারণ সামনে আনলেন অভিনেত্রী।
২০২২ সালে নিক জোনাস ও প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। মেয়ের ছবি-ভিডিয়ো একসময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও, পরবর্তীকালে আচমকাই বিভিন্ন পোস্টে মালতীর মুখে ইমোজি ব্যবহার করতে দেখা যায়। আর এই সিদ্ধান্তের পিছনে থাকা কারণ সম্পর্কেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জানান তিনি।
প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেন, "একবার এক অপরিচিত ব্যক্তি তার মেয়েকে স্কুল থেকে বাড়ি পর্যন্ত ফলো করেছিল। সেই অভিজ্ঞতা থেকে তিনি আরও সচেতন হয়ে উঠেন।" তাঁর কথায় “আমরা চাইছি মালতী যেন সাধারণ শিশুদের মতো বেড়ে উঠুক, যেন সে স্বাভাবিকভাবে শিখতে ও খেলতে পারে। কিন্তু সাধারণ মানুষের আগ্রহের কারণে তাকে নিরাপদে রাখা খুবই জরুরি।”
প্রিয়াঙ্কার আরও সংযোজন, যখন পরিবার বাইরে যায়, তখন নিরাপত্তা ব্যবস্থা কেবল ছবি বা ভিডিও নেওয়া থেকে রক্ষা করার জন্যই নয়, সন্তানকে নিরাপদ রাখার জন্যও প্রয়োজন। প্রিয়াঙ্কা পেশায় পাবলিক লাইফ বেছে নিয়েছেন, কিন্তু মেয়ের জন্য তিনি চান স্বাধীনতা ও নিরাপত্তা।
প্রিয়ঙ্কার কথায় স্পষ্ট, একজন মা হিসেবে তিনি সবকিছুর আগে মেয়ের সুরক্ষা ও স্বাভাবিকভাবে বড় হওয়ার সুযোগকে অগ্রাধিকার দিতে চান। আমজনতার আগ্রহ থাকলেও তিনি মনে করেন, শিশুর নিরাপত্তা ও স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি 'দ্যা বালফ' নিয়েও চর্চা চলছে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। শীঘ্রই এসএসএমবি২৯-এও দেখা দেবেন 'দেশি গার্ল'। যেখানে তাঁর সঙ্গে থাকবেন মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ১ হাজার কোটি টাকার বাজেটের এই ছবি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে। এছাড়া প্রিয়ঙ্কাকে ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে।
