সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'ধুরন্ধর - দ্য রিভেঞ্জ'-এর প্রশংসায় পঞ্চমুখ রূপালি

বক্স অফিসে রেকর্ড গড়েছে 'ধুরন্ধুর'। এবার আসছে রণবীর সিং অভিনীত এই ছবির দ্বিতীয় পর্ব। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। যা নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। আর সেই প্রতীক্ষিত ছবি আগেই দেখে ফেলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালি গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির কিছু অংশ আগে দেখার সুযোগ পেয়েছেন এবং প্রতিটি ফ্রেম তাঁর দারুণ লেগেছে। রূপালির কথায়, ছবির নির্মাণ, ব্যবস্থাপনা ও ও দৃশ্যায়ন খুবই জোরদার। একটি গান নিয়ে তিনি আলাদা করে প্রশংসা করেন। রূপালির ইতিবাচক মন্তব্যে 'ধুরন্ধর ২' নিয়ে সিনেমাপ্রেমীদের প্রত্যাশা আরও বেড়েছে। 

নিরাপত্তা নিয়ে খোলামেলা প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের ‘দেশি গার্ল’ এখন আন্তর্জাতিক তারকা। দেশে হোক বা বিদেশে, বরাবরই বিনোদনের শিরোনামের কেন্দ্রে উঠে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন তিনি। নায়িকা জানিয়েছেন, ভক্তদের সঙ্গে দেখা করা বা ছবি তুলতে তাঁর কোনও আপত্তি নেই। বরং তিনি ভালবাসেন যখন অনুরাগীরা এগিয়ে আসেন। তবে নিজের ও মেয়ের নিরাপত্তা এবং ব্যক্তিগত মুহূর্ত রক্ষা করতেই নিরাপত্তারক্ষী রাখা প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী। আসলে প্রিয়াঙ্কার মতে, আজকের দিনে স্মার্টফোনের কারণে ব্যক্তিগত ছবি বা ভিডিও সহজেই ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে সতর্ক থাকতে হয়। প্রিয়াঙ্কার এই বক্তব্যে ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

প্রেমিকের সঙ্গে ওটিটিতে তেজস্বী

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ এবার ওটিটি-তে নিজের যাত্রা শুরু করতে চলেছেন। তাঁর এই নতুন সফর আরও বিশেষ, কারণ সঙ্গে রয়েছেন প্রেমিক করণ কুন্দ্রা। এক সাক্ষাৎকারে তেজস্বী জানিয়েছেন, করণের সঙ্গে কাজ করলে তাঁর অনেকটাই সুবিধা হয়, কারণ করণ রিয়েলিটি শো-তে অভিজ্ঞ। নতুন মাধ্যমে কাজ করতে গিয়ে করণের উপস্থিতি তাঁকে আত্মবিশ্বাস দেয় বলে মনে করেন অভিনেত্রী। তেজস্বীর কথায়, সম্পর্ক ও কাজ-দু’দিকেই এখন তিনি স্বচ্ছন্দ। এই নতুন শো নিয়ে যথেষ্ট আশাবাদী বলেও জানান 'বিগ বস ১৫'-এর বিজয়ী।