‘পাকা বাচ্চা’ সইফ

সইফ আলি খানের সঙ্গে কাজ করাটা ঠিক কেমন? এই প্রশ্নের উত্তরে পরিচালক প্রিয়দর্শন জানালেন, সইফ সেটে অনেকটা ‘ম্যাচিউরড চাইল্ড’ বা পাকা শিশুর মতো। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “প্রতিদিন সকালে সাইফ ১০টা প্রশ্ন নিয়ে হাজির হয়। কিন্তু মজার বিষয় হল, প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে গেলেই ও বাকি ৯টার কথা ভুলে যায়! তারপর হাসিমুখে বলে, ‘ঠিক আছে, আমি তৈরি’।”

প্রিয়দর্শন জানান, প্রযোজকরা যখন হেওয়ান’-এর জন্য সইফের নাম প্রস্তাব করেন, তখন তিনি নিজেও বেশ উৎসাহিত ছিলেন। সইফের সঙ্গে চিত্রনাট্য নিয়ে কথা বলতেই তিনি রাজি হয়ে যান। প্রিয়দর্শনের মতে, সইফের এই কৌতূহলী স্বভাব কাজটাকে আরও আকর্ষণীয় করে তোলে। এই ছবির সুবাদে ১৮ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় আসছেন অক্ষয় ও সইফ। 


ফের বাবা হলেন ভিভিয়ান

বেশ কিছুদিন ধরেই লাইমলাইট থেকে দূরে ছিলেন ভিভিয়ান। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে অভিনেতা জানালেন, কেন তিনি এতদিন ‘অফ দ্য রাডার’ ছিলেন। ভিভিয়ান লিখেছেন, “কিছু গল্প শুধু ঘোষণা করার জন্য নয়, আগে মন ভরে বাঁচার জন্য। নীরবতাই সব বলে দিচ্ছিল, আমাদের সাম্রাজ্য এবার আরও বড় হল - আর এবার এসেছে এক রাজপুত্র।” ভিভিয়ান বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। নওরান আলির সঙ্গে তাঁর বিয়ে এবং এখন এই পিতৃত্ব— সবটাই তিনি খুব নিভৃতে পালন করেছেন। ‘মধুবালা – এক ইশক এক জুনুন’ এবং ‘শক্তি – অস্তিত্ব কে এহসাস কি’-র মতো সুপারহিট ধারাবাহিকের নায়ককে এই নতুন ভূমিকায় দেখে উচ্ছ্বসিত তাঁর অগুনতি অনুরাগী। টেলি দুনিয়ার তারকারাও ভিভিয়ান ও নওরানকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

 


‘ধুরন্ধর’-এর হুঙ্কার

বক্স অফিসে এখন শুধুই ‘ধুরন্ধর’-এর হুঙ্কার। আদিত্য ধরের এই স্পাই অ্যাকশন থ্রিলার দ্বিতীয় সপ্তাহেও ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে। বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় শনিবার এবং রবিবার— দু’দিনই ৬০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি। যার ফলে ভারতে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ৮৪৬.৬৭ কোটি টাকা। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রাইজ’-এর হিন্দি সংস্করণের লাইফটাইম আয় ছিল ৮১২.১৪ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই সেই ম্যাজিক ফিগার টপকে গেল ‘ধুরন্ধর’। জানিয়ে রাখা ভাল, প্রথম ‘ধুরন্ধর’ ছবির দ্বিতীয় সপ্তাহান্তের আয় (১৪১.৫ কোটি টাকা) থেকে অনেকটাই এগিয়ে এই সিক্যুয়েলের আয় (১৬৮.৭২ কোটি টাকা)।

 

 

&t=2069s