সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ইতালীয় গান টুকেছেন প্রীতম?
সম্প্রতি 'ককটেল ২' ছবিটির গান মাশুকা মুক্তি পেয়েছে। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। অনেকের গানটি শুনে মনে হয়েছে ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ইতালিয়ান গান 'সে সো আরুবেট এ নোন্না'র অনুকরণে বানানো হয়েছে। গান টোকার অভিযোগ উঠতে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ কম্পোজার প্রীতম। তিনি এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন এই বিষয়ে। তিনি তাঁর সেই পোস্ট লেখেন, 'আমার প্রতিটি গান মুক্তি পাওয়ার পরই কিছু সেলফ অ্যাপয়েন্টেড সঙ্গীত গবেষক হাজির হয়ে যায়, তাঁরা একটা নতুন জ্যর তৈরি করেছেন, এর নাম দিয়েছেন কাল্পনিক মিল। একই মানুষ, সেই একই অনুপ্রেরণার থিসিস। বস, আপনারাই এখন আমার আনপেইড পিআর টিম। আমি আপনাদের বলতে চাই, মোটেই সুন্দর নয় বিষয়টা।'

মুক্তি পাচ্ছে 'ধুরন্ধর' -এর অদেখা দৃশ্য! কোথায় দেখা যাবে?
'ধুরন্ধর ২' ওটিটি মাধ্যমে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ। এবার আরও একবার নজর কাড়ল এই ছবির ফ্র্যাঞ্চাইজি। নেটফ্লিক্সের তরফে ঘোষণা করা হয়েছে 'ধুরন্ধর' ছবিটির র এবং অদেখা, আনকাট ভার্সন মুক্তি পেতে চলেছে। আর এই ঘোষণার পর 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির দর্শকদের উত্তেজনার শেষ নেই। সকলেই মুখিয়ে রয়েছেন ছবিটির আনকাট ভার্সন দেখার জন্য। আগামী ২২ মে মুক্তি পাবে এটি। বড়পর্দায় যে দৃশ্যগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোও এখানে দেখা যাবে। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি আনকাট ভার্সন। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর একটি বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে। 'ধুরন্ধর ২' মুক্তি পেয়েছে জিও হটস্টারে। অনেকেই জানতে চাইছেন 'ধুরন্ধর' ছবিটির র এবং আনকাট ভার্সন যেমন নেটফ্লিক্সে এল, পরবর্তীতে তেমন 'ধুরন্ধর ২' -এর আনকাট ভার্সন আসবে কিনা, এলে সেটা নেটফ্লিক্সে আসবে কিনা। এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
পাপারাজ্জির ক্ষমা মেনে নিলেন সলমন খান?
হাসপাতালের সামনে সলমন খানকে ফলো এবং তাঁর আগামী ছবির নাম ধরে চিৎকার, গোটা ঘটনার পর ক্ষোভ উগরে দেন ভাইজান। এর একদিন কাটতে না কাটতেই চিত্র সাংবাদিকদের মুখোমুখি হলেন সলমন খান। তাঁরা ক্ষমা চাইতে তাঁদের মাফ করলেন ভাইজান। কী ঘটেছে? সম্প্রতি 'রাজা শিবাজী' ছবিটির সাকসেস পার্টিতে যোগ দিয়েছিলেন সলমন খান। সেখান থেকে বেরোনোর সময় এক চিত্র সাংবাদিক তাঁর দিকে এগোতে চাইলে তাঁর নিরাপত্তারক্ষীরা বাধা দেন। কিন্তু সলমন তাঁকে কাছে ডাকেন, কী হয়েছে জানতে চান। আগের দিনের গোটা ঘটনার জন্য সেই ব্যক্তি ক্ষমা চাইলে সলমন খান বলেন, সব ঠিক আছে। তাঁদের উপর ভাইজানের কোনও রাগ বা ভুল বোঝাবুঝি নেই।
হেলথকেয়ার ব্র্যান্ডকে আইনি নোটিশ মাধবনের! কেন?
আর মাধবন আইনি নোটিশ পাঠালেন একটি ওয়েলনেস ব্র্যান্ডকে। কেন? তাঁর একটি সাক্ষাৎকারকে তারা অভিনেতার অনুমতি ছাড়াই নিজেদের প্রচারের কাজে ব্যবহার করেছেন। তিনি তীব্র কড়া ভাষায় এই কাজের নিন্দা করেছেন। কী ঘটিয়েছে সেই ব্র্যান্ড? অভিনেতার সাক্ষাৎকারকে এমন ভাবে ব্যবহার করেছে যেন অভিনেতা তাঁদের ব্র্যান্ডের ওজন কমানোর প্রোডাক্টের মুখ। তিনি বিষয়টা নিয়ে তাঁর অনুরাগীদের নজর কেড়েছেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই জালিয়াতি প্রসঙ্গে সকলকে সচেতন করেন। জানান তিনি এমন কোনও ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন, প্রচার করেননি।
















