বলিপাড়ায় বব্বর পরিবারের মুষলপর্ব এবার একেবারে প্রকাশ্য রাস্তায়। বলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা রাজনীতিক রাজ বব্বর -এর পরিবারে তাঁর দুই সৎ ছেলের সংঘাত ফের নিল নতুন বাঁক। রাজ বব্বরের প্রথম পক্ষের ছেলে আর্য বব্বর সম্প্রতি ওঁর সৎ ভাই তথা অভিনেতা প্রতীক স্মিতা পাটিল -এর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। আর্যর দাবি ছিল, প্রতীক ওঁর বাবাকে শুধুমাত্র ‘টাকার প্রয়োজনে’ ব্যবহার করেন। এবার দাদার সেই চরম অপমানের পর আর চুপ থাকলেন না প্রতীক। ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্টের মাধ্যমে আর্যর ফ্লপ কেরিয়ারকে ইঙ্গিত করে কড়া জবাব দিলেন প্রতীক ও ওঁর স্ত্রী প্রিয়া ব্যানার্জি।

 

আর্য বব্বরের সেই বিস্ফোরক সাক্ষাৎকারটি সামনে আসার কয়েকদিন পরেই প্রতীক ওঁর স্ত্রী প্রিয়া ব্যানার্জির একটি ইনস্টাগ্রাম পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করেন। যেখানে আর্যর নাম না নিলেও ওঁর কেরিয়ারের ব্যর্থতা নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। পোস্টটিতে লেখা ছিল -“যদি ভুল তথ্য বা রটনা ছড়ালে কোনও বিল মেটানো যেত (টাকা উপার্জন হতো), তবে কিছু মানুষ অবশেষে নিজেদের জীবনে সফল হতে পারত!”
এই বার্তার সাথে প্রতীক একটি হ্যাশট্যাগ যোগ করেছেন— #IYKYK  (ইফ ইউ নো, ইউ নো— অর্থাৎ যারা বোঝার তারা ঠিকই বুঝেছে)। নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, আর্য যেভাবে মিডিয়ার সামনে ওঁর নামে কুৎসা রটিয়েছেন, এটা তারই পাল্টা জবাব।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্য বব্বর অভিযোগ করেছিলেন যে, তাঁদের পরিবার বছরের পর বছর ধরে প্রতীকের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করলেও, প্রতীক ওঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ করেই সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি মেসেজের উত্তর দেওয়াও বন্ধ করে দিয়েছেন।প্রতীকের বিরুদ্ধে বাবার টাকা ও সম্পত্তি ভোগের অভিযোগ তুলে আর্য বলেছিলেন, “যখন কেরিয়ার ভাল চলে না, বেঁচে থাকার জন্য বাবার থেকে পকেট মানি বা টাকার দরকার হয়, তখন উনি তোমার বাবা! বাবা যে বাড়িটা স্মিতা মা-র জন্য কিনেছিলেন, সেখানে যখন থাকতে চাও, তখন উনি তোমার বাবা! সমস্ত সুযোগ-সুবিধা নেওয়ার সময় উনি বাবা, কিন্তু যখন সমাজের সামনে ওঁকে সম্মান দেওয়ার বা বাবা বলে স্বীকার করার কথা আসে, তখন উনি তোমার বাবা নন? এটা কেমন আচরণ? বড় ভাই হিসেবে আমি ওঁকে ভালবাসি, কিন্তু ও যেখানে ভুল, সেখানে ভুলই।”

আর্য আরও যোগ করেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে যে স্মিতা মা-র জন্য আমার বাবা নিজের পরিবার ছেড়েছিলেন, আজ সেই স্মিতা মা-র ছেলেই ওঁকে নিজের বাবা বলে স্বীকার করতে চাইছে না। এর চেয়ে বড় দুঃখের আর কী হতে পারে?”

রাজ বব্বর এবং প্রতীকের সম্পর্ক বরাবরই বেশ জটিল। প্রতীকের জন্মের মাত্র কয়েকদিন পরেই ওঁর মা, কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিল মারা যান। এর পর প্রতীক ওঁর দিদিমা-দাদুর কাছে বড় হলেও বাবার পরিবারের সঙ্গে ওঁর ভাল যোগাযোগ ছিল।

কিন্তু সম্প্রতি প্রতীক যখন নিজের নাম থেকে ‘বব্বর’ পদবী ছেঁটে ফেলে মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজেকে ‘প্রতীক স্মিতা পাটিল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন, তখন থেকেই রাজ বব্বরের পরিবারের সাথে ওঁর সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই তিক্ততায় পৌঁছায় যে প্রতীক ওঁর দ্বিতীয় বিয়েতেও নিজের বাবা বা বব্বর পরিবারের কোনও সদস্যকে আমন্ত্রণ জানাননি। আর এবার আর্যর সরাসরি আক্রমণ এবং প্রতীকের এই সোজা ব্যাঙ্গাত্মক জবাব— দুই ভাইয়ের এই ঠান্ডা লড়াই বলিপাড়ার অন্দরমহলে নতুন বিতর্কের জন্ম দিল।