আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

দীপিকার পর এবার সন্দীপের 'স্পিরিট' ছাড়লেন প্রকাশ রাজ! 

আগেই ৮ ঘণ্টা শিফট সহ নানা বিতর্কের মাঝে 'স্পিরিট' ছেড়ে বেরিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর জায়গা নিয়েছেন তৃপ্তি দিমরি। এবার জানা গেল, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে আরও এক বিরাট বদল আসছে। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি 'স্পিরিট' ছবির একটি পোস্টার প্রকাশ্যে আনা হয়। সেখানে বিবেক ওবেরয়কে দেখা গিয়েছে। এই পোস্টারে প্রযোজনা সংস্থার তরফে ছবির বাকি সমস্ত অভিনেতাদের মেনশন করা হলেও দেখা যায়নি প্রকাশ রাজের নাম। তখনই শুরু হয় চর্চা। পরবর্তীতে জানা যায়, দীপিকার মতো, প্রকাশ রাজও আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'স্পিরিট' ছবির অংশ নন আর। 

অবশেষে 'দ্য কেরালা স্টোরি ২' -কে ছাড়পত্র কেরল হাইকোর্টের! 

সমস্ত জটিলতার অবসান। অবশেষে মুক্তি পাচ্ছে 'দ্য কেরালা স্টোরি ২'। আর তারপরই এদিন প্রতিক্রিয়া জানালেন এই ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। তিনি শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, এই ছবিতে কেরলকে নিয়ে কোনও নেতিবাচক কথা বলা হয়নি। বা কেরলের লোকদের নিয়েও না। তিনি কেরল হাইকোর্টকে ধন্যবাদ দিয়েছেন তাঁদের ছবিকে ছাড়পত্র দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন এই ছবিতে তাঁরা কেবল সোশ্যাল ইভিলকে তুলে ধরেছেন আর কিছু নয়। অবশেষে জটিলতা কাটিয়ে এই ছবি ভারতের ১৫০০ হল এবং দেশের বাইরে ৩০০ হলে মুক্তি পেল ২৭ ফেব্রুয়ারি। 

৯ কোটির চেক বাউন্স কেসের পর জামিনে ছাড়া পাওয়ার পর প্রথমবার জনসমক্ষে রাজপাল যাদব

৯ কোটির চেক বাউন্স কেসে কিছুদিন আগে হাজতবাস হয় রাজপাল যাদবের। তিনি নিজে গিয়েই তিহার জেলে আত্মসমর্পণ করেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হন। তারপর এদিন তিনি জনসমক্ষে এলেন। মুম্বইয়ের একটি ইভেন্টে এদিন যোগ দিতে দেখা যায় অভিনেতাকে। আর সকলকে অবাক করে দিয়ে বেশ খোশমেজাজেই ধরা দিলেন অভিনেতা। এমনকী মনে করালেন 'ভুল ভুলাইয়া' ছবি থেকে ছোটা পণ্ডিতের চরিত্রটিকে। লাফিয়ে ঝাঁপিয়ে একাকার করে পোজ দিলেন সাংবাদিকদের জন্য। তাঁকে এদিন গ্রে টিশার্ট, সবুজ শার্ট এবং জিন্সে দেখা যায়।