অভিনেত্রী পুনম দাশগুপ্তকে নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, অভিনেত্রী সাইবার অপরাধের শিকার হয়েছেন এবং বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন।

ঘটনার সূত্রপাত পুনম দাশগুপ্তের হোয়াটসঅ্যাপ নম্বরে কিছু অত্যন্ত কুরুচিকর এবং অশ্লীল ভিডিও আসা নিয়ে। অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছু অজ্ঞাতপরিচয় নম্বর থেকে তাঁকে এই ধরনের ভিডিও পাঠানো হচ্ছে, যা কেবল মানহানিকরই নয় বরং তাঁর কাছে অত্যন্ত উদ্বেগজনক। 

ঘটনাটি ঘটে গত ২৭ এপ্রিল সন্ধে সাড়ে ছ'টা নাগাদ, তখন অভিনেত্রী নিজের বাড়িতেই ছিলেন। আচমকা ফোনে আসা বেশ কিছু অশ্লীল কন্টেন্ট দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে তিনি প্রমাণ হিসেবে সবকিছুর স্ক্রিনশট নিয়ে রাখেন। স্বামীর সঙ্গে আলোচনা করার পর, গত ২৯ এপ্রিল তিনি মুম্বইয়ের ওশিওয়ারা থানায় আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কে এই কাজ করেছে সেটা শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। 

জানা গিয়েছে, নম্বরটি ব্লক করার আগে অভিনেত্রী সেই নম্বরে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও উত্তর আসেনি। এরপর তিনি নম্বরটি ব্লক করে দেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তবে এই ঘটনায় উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে অভিনেত্রীর একটি দাবি। তাঁর মতে, তাঁর কিছু পুরনো ছবিও এই সবের সঙ্গে ছড়ানো হয়েছে। এই ছবিগুলো এখন আর পাবলিক ডোমেনে নেই, যার ফলে প্রেরকের পরিচয় নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ওই ছবিগুলো এখন আর গুগলেও পাওয়া যায় না। এটা দেখে আমার মনে হচ্ছে পরিচিত কেউ আমাকে মানসিকভাবে হেনস্তা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে।”

তাঁর কথায়, “এতটা কুরুচিকর অভিজ্ঞতার সম্মুখীন আমি আগে কখনও হইনি। এর আগে অভদ্র মেসেজের কারণে আমি অনেক নম্বর ব্লক করেছি, কিন্তু এই প্রথম কেউ আমাকে এমন অশ্লীল ভিডিও পাঠাল। আমি অবাক হয়ে গিয়েছিলাম।”

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন পুনম। পরবর্তীকালে হিন্দি, মালয়ালম, তামিল এবং কন্নড়-সহ একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। 'জি হরর শো'-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-এর পাশাপাশি তিনি বিভিন্ন মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। তাই তাঁর সঙ্গে ঘটা এমন কুরুচিপূর্ণ ঘটনার সমালোচনা করেছেন নেটিজেন থেকে অনুরাগীরাও।