বলিউডে একসময় উচ্চতা নিয়ে নায়িকাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে নয়ের দশকে যদি কোনও নায়িকা তাঁর ছবির নায়কের চেয়ে লম্বা হতেন, তবে তা তাঁর কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই যন্ত্রণার দিনগুলোর কথা শেয়ার করলেন ‘বিরাসত’ ছবি খ্যাত অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা বাত্রা। তিনি দাবি করেছেন, দীপিকা পাড়ুকোন বা কৃতি শ্যাননের মতো দীর্ঘাঙ্গী নায়িকাদের জন্য ইন্ডাস্ট্রির দরজা তিনিই সহজ করে দিয়েছেন।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে পূজা জানান, দীর্ঘাঙ্গী হওয়ার কারণে একাধিক ছবিতে অনেক বড় চরিত্র হাতছাড়া হয়েছে। এমনকী পর্দায় নায়কদের থেকে নিজেকে খাটো দেখানোর জন্য তাঁকে অদ্ভুত সব কৌশল অবলম্বন করতে হতো। পূজার কথায়, “ক্যামেরার সামনে আমাকে দু'পা ছড়িয়ে ফাঁক করে দাঁড়াতে হতো যাতে নায়কদের আমার থেকে লম্বা দেখায়। অনেক সময় কোনও দৃশ্যের শুটিং চলাকালীন আমাকে পা অর্ধেক ছড়িয়ে নিচু হয়ে থাকতে হতো। অনেক নায়ক আমার উচ্চতা দেখে ঘাবড়ে যেতেন।”
পূজা আরও জানান, সঙ্গীতা বিজলানি তাঁকে বলেছিলেন যে বেশি লম্বা হওয়ার কারণে সিনেমায় তাঁর কোনো ভবিষ্যৎ নেই। তবে এই প্রতিকূলতার মধ্যেও পূজা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা যখন পূজার উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন, তখন ব্যতিক্রম ছিলেন সলমন খান। পূজার কথায়, “সলমনের কোনও সমস্যা ছিল না। ওই একমাত্র ব্যক্তি ছিল যে বলত, ‘তুমি হিল পরো, আমার কোনও সমস্যা নেই’। ও নিজের উচ্চতা নিয়ে, নিজেকে নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিল।”
পূজা মনে করেন, বর্তমান প্রজন্মের দীপিকা পাড়ুকোন বা কৃতি শ্যাননরা যে লম্বা হয়েও সফলভাবে কাজ করছেন, তার পথ তৈরি হয়েছিল তাঁর হাত ধরেই। হাসিমুখে তিনি বলেন, “আমি লম্বা নায়িকাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছি। তাই আমাকে একটা ধন্যবাদ অন্তত জানাও!”
পূজা বাত্রাকে শেষ দেখা গিয়েছিল ২০২১-এর ছবি ‘স্কোয়াড’-এ। এদিকে দীপিকা ও কৃতি দুজনেই এখন ব্যস্ত তাঁদের আগামী প্রজেক্ট নিয়ে।আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় আসছে দীপিকা পাড়ুকোনের ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে থাকছেন দীপিকা। এছাড়াও অল্লু অর্জুন ও অ্যাটলির সঙ্গে ‘রাকা’ ছবিতেও দেখা যাবে তাঁকে। অন্যদিকে, ১৯ জুন মুক্তি পেতে চলেছে কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে কৃতির সঙ্গে রয়েছেন শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানা।















