গরমের ছুটি জমজমাট করতে আসছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি, 'ফুল পিসি ও এডওয়ার্ড'। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। কিন্তু তাঁর চরিত্রটা ঠিক কী?
এদিন প্রযোজনা সংস্থার তরফেই প্রকাশ্যে আনা হয় সৌম্য মুখোপাধ্যায়ের লুক। পোস্টারে তাঁকে লাল পাঞ্জাবিতে দেখা যাচ্ছে, সঙ্গে মাথায় পেজ। পোস্টার ছাড়াও এই ছবিতে তাঁর চরিত্রের আরও বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে, সেখানেও তাঁকে রাজকীয় বেশে দেখা যাচ্ছে। এবার প্রশ্ন, 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিতে কোন চরিত্রে থাকবেন অভিনেতা? জানা গিয়েছে, সৌম্য মুখোপাধ্যায় অভিনীত চরিত্রের নাম সময়। রাজ পরিবারের সঙ্গেই জড়িত তিনি। কিন্তু কী সম্পর্ক, তাঁর চরিত্রের শেড কেমন, সেসব সিনেমা দেখেই জানা যাবে।
তবে এই ছবি এবং চরিত্রের বিষয়ে কথা বলতে গিয়ে সৌম্য মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চেয়েছেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল তাঁর। 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিতে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে সৌম্য জানিয়েছেন, গোটা বিষয়টাই ম্যাজিকাল। স্কুল জীবনে এই পরিচালকদ্বয় অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত ইচ্ছে দেখেছিলেন। অবশেষে সেই পরিচালকদের সঙ্গে তিনি নিজে কাজ করতে পারলেন।
'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিতে কাজ করতে গিয়ে তিনি অনেক কিছু শিখেছেন বলেই জানিয়েছেন। অভিনেতা জানিয়েছেন পরিচালকরা তাঁকে শিখিয়েছেন সাইলেন্ট পারফর্মেন্সের ক্ষমতা। চোখ দিয়ে অনুভূতি তুলে ধরতে হয় কীভাবে, সেটা এই ছবিতে কাজ করতে গিয়ে যেন আরও নিপুণ ভাবে শিখেছেন তিনি।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ইতিমধ্যেই এই ছবির গান 'মনের চাবি রে' মুক্তি পেয়েছে। সেই গানে তাঁকে এবং ঋষভকে শ্যামৌপ্তির সঙ্গে রোম্যান্স করতে, নাচতে দেখা গিয়েছে।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড' মুক্তি পাবে ২৯ মে। এই ছবিতে সৌম্য ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, শ্যামৌপ্তি মুদলি, অনন্যা চট্টোপাধ্যায়, প্রমুখ।















