স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'য় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল রায়। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল 'সুদর্শনা'। মাঝপথে এই ধারাবাহিক বন্ধ হতে সেভাবে আর দেখা যায়নি পায়েলকে। তবে এবার খবর, নতুন চরিত্রে নতুন মেগায় ফিরছেন অভিনেত্রী।

জি বাংলার আসন্ন ধারাবাহিক 'দুলারী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি। জানা যাচ্ছে, এই গল্পে তাঁর চরিত্রটি ইতিবাচক। তবে এখনই তাঁর চরিত্রটি নিয়ে খোলসা করতে নারাজ অভিনেত্রী। এর আগে পায়েল নজর কেড়েছেন 'চারুলতা', 'তুমি আসবে বলে', 'অগ্নিজল'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিকে। মাঝে বেশ কয়েক বছর ছোটপর্দা থেকে দূরে ছিলেন পায়েল। ফিরেছিলেন 'ভোলেবাবা পার করেগা'র হাত ধরে। কিন্তু আউটডোর শুটিংয়ে গিয়ে জলে তলিয়ে রাহুলের অকালমৃত্যুর পর বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। এরপর 'দুলারী'তে দেখা যাবে অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে দুলারী পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে থাকে। পড়াশোনায় তুখোড় সে। অভাব, অনটনেও সে পড়াশোনা ছাড়েনি। চায় পরীক্ষা দিয়ে দুর্দান্ত ফল করে কলকাতায় যেতে। সেখানকার কলেজে পড়তে। সেই কথা মতো, রাত জেগে পড়ে ভোরবেলা প্রথমে সাইকেল, তারপর বাসে করে পরীক্ষা দিতে যায়। পথে যার সঙ্গেই দেখা হয়েছে, তাকেই সে বলেছে, এই পরীক্ষায় সে দেখার মতো রেজাল্ট করবে। তারপর কলকাতা যাবে পড়তে।

 


পরীক্ষা দিয়ে এসে দুলারী তার মাকে জানায় পরীক্ষা ভাল হয়েছে, কলকাতার কলেজে তার সিট পাকা। এই কথা শুনেই রেগে যায় দুলারীর মা। জানায় কলকাতায় যেতে দেবে না তাকে। রাগ করে বই ফেলে দেয় আগুনে। এমন অবস্থায় কী হবে দুলারীর স্বপ্নের? সে কি আদৌ কলকাতা যেতে পারবে পড়তে? উত্তর ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রোমো প্রকাশ্যে এলেও দুলারী কবে থেকে বা কোন স্লটে দেখা যাবে এখনও জানা যায়নি। অন্যদিকে আজকাল ডট ইন আগেই জানিয়েছিল এই ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। তাঁর মায়ের ভূমিকায় থাকবেন শাঁওলি চ্যাটার্জি। আর নায়ক হিসেবে নীল ভট্টাচার্যকে দেখা যাবে।