দু'বছর আগে সান বাংলায় শুরু হয়েছিল 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। সান বাংলার এই রিয়্যালিটি শো বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। গত দু'বছর ধরে এই শো-এর সঞ্চালনা করছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কিন্তু জানা যাচ্ছে, এবার নাকি সুদীপ্তা সরছেন এই রিয়্যালিটি শো থেকে। অভিনেত্রীর নাকি একটু বিরতির প্রয়োজন। তাই তিনি চ্যানেলের কাছে সেই প্রস্তাব রেখেছেন। তারপর থেকেই জল্পনা চলছিল, এই শো-এর সঞ্চালকের দায়িত্বে তাহলে কাকে দেখা যাবে?
এবার এল সেই খবর। জানা যাচ্ছে, 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর নতুন সঞ্চালিকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী পায়েল দেকে। আগামী ৩০ আগস্ট থেকে সন্ধে সাতটায় তৃতীয় সিজনের মাধ্যমে এই দায়িত্বে আসছেন পায়েল।

প্রথম ও দ্বিতীয় সিজনের সফল সঞ্চালনার পর দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সুদীপ্তা বলেন, "এরকম একটি শো-এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রতিযোগীদের আবেগ—তাঁদের দুঃখ, হাসি, সাফল্য এবং জয়ের মুহূর্তগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যা আমার কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই শো আমাকে মানুষ হিসেবেও বদলে দিয়েছে। শিডিউলের ব্যস্ততার কারণে আমাকে বিরতি নিতে হচ্ছে, তবে পুরো টিমকে আমার অনেক শুভকামনা জানাই। পায়েল এবং সান বাংলার পুরো টেকনিশিয়ান টিমকে তাঁদের এই নতুন যাত্রার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।"
অন্যদিকে সঞ্চালিকা হিসেবে নতুন যাত্রা শুরু করার আগে পায়েল দে বলেন, "আমার কাছে এটা সত্যিই ঘরে ফেরার মতো, কারণ এর আগে আমি সান বাংলার 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' সিরিয়াল করেছিলাম। এটা আমার জীবনের প্রথম রিয়্যালিটি শো-এর সঞ্চালনা, যা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো। এই শো শুধু বিনোদনই দেয় না, আমাদের নতুনভাবে ভাবতে শেখায়।
















