এবার নতুন ভূমিকায় পার্নো মিত্র। কার্যনির্বাহী প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। পরিচালক শ্রীময়ী চক্রবর্তীর হাত ধরে পর্দায় উঠে আসছে দুই অদম্য নারীর জীবনসংগ্রামের এক অন্যরকম গল্প। তাঁর নতুন তথ্যচিত্র ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’-এর মাধ্যমে প্রযোজনার দুনিয়ায় পা রাখলেন পার্নো মিত্র। এই ছবিতে তিনি কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন। শনিবার সমাজমাধ্যমে নিজেই এই খবর দিয়েছেন পার্নো। অভিনেত্রীর নতুন সফরের খবর পেয়ে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে সহকর্মীরাও। 

ওই ছবির গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল সম্প্রদায়ের নারীকে কেন্দ্র করে, যাঁদের জীবিকা হল মহুয়া তৈরি এবং তা বিক্রি করা। এই দুই নারীর মধ্যে একজনের স্বপ্ন হল পুরুষ হিসেবে বেঁচে থাকা। তাঁদের এই দুঃসাহসী স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই নিয়েই তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি।

ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস এবং আদ্যা ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী ও ওম সিংহ। পার্নোর পাশাপাশি রুশা বসুও এই ছবির সহ-কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়া রাধিকা পিরামল এবং নীরজ চুড়ির মতো ব্যক্তিত্বদের ছোঁয়ায় ছবিটি আরও সমৃদ্ধ হয়েছে। সব মিলিয়ে এক বিশেষ প্রাপ্তি হিসেবে চলতি মাসেই কান চলচ্চিত্র উৎসবে পাড়ি দিচ্ছে এই তথ্যচিত্রটি।

নতুন ভূমিকায় পদার্পণ করে পার্নো নিজেও খুব আশাবাদী। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "এই কাজটার সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভাল লাগছে। এমন একটা গল্প, একটা লড়াইয়ের ছবি ফুটে উঠবে, তার সাক্ষী হতে পেরে আমি আপ্লুত। কান চলচ্চিত্র উৎসবের জন্য এখন অপেক্ষা করছি।"