'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি বাংলার অন্যতম জনপ্রিয় এবং সেরা ধারাবাহিক। একটা সময় লাগাতার টিআরপি তালিকায় শীর্ষে থাকত এই মেগা। এখনও সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে। তবে সম্প্রতি এই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন নায়িকা, অর্থাৎ তৃণা সাহা। কী হয়েছে তাঁর? 

এদিন আজকাল ডট ইনের তরফে তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। তবে তেমন গুরুতর কিছু নয়। আপাতত পায়ে চোট নিয়েই শুটিং করছেন তিনি। এমনকী শটের মাঝেই কোনও মতে কথা বলেন অভিনেত্রী। তৃণা এদিন বলেন, "শুটিং করতে করতে একটু পায়ে লেগেছে। নখ উল্টে গিয়েছে। তবে সিরিয়াস কিছু না।" 

প্রসঙ্গত, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে তৃণা সাহাকে ইন্দ্রজিৎ বসুর বিপরীতে দেখা যাচ্ছে। তাঁর চরিত্রের নাম তটিনী। এদিন শুটিং ফ্লোরে আঘাত পাওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করেন তিনি। সাপোর্ট হয়ে পাশে ছিল তাঁর পর্দার মেয়ে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রথ উপলক্ষ্যে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে নতুন চমক এসেছে। পরশুরাম এবং তটিনী একত্রিত হয়ে লড়াই করছে শত্রুদের বিরুদ্ধে। স্ত্রী যে নির্দোষ সেটা প্রমাণ করতে মরিয়া নায়ক। স্বমহিমায় ফিরে এসেই তটিনীর পাশে দাঁড়িয়েছে সে। এবার কী ঘটে সেটাই দেখার পালা। 

'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন রাত ৮ টা থেকে সম্প্রচারিত হয়। ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় চলা 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু। সম্প্রতি এই ধারাবাহিকের হিন্দি ভার্সনও শুরু হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাংলার মেয়ে মিশমি দাস।