চৌধুরী পরিবারের গল্পে লুকিয়ে আছে এক অজানা রহস্য। সেই রহস্য ভেদের দায়িত্বে রয়েছেন গোয়েন্দা আদিত্য মজুমদার। হইচই-এ আসছে নতুন ওয়েব সিরিজ 'ছদ্মবেশী'। এই থ্রিলার সিরিজের পরিচালনায় অরিত্র সেন। জানা যাচ্ছে, এই সিরিজটি অভিরূপ সরকারের 'চৌধুরী বাড়ির রহস্য' গল্পটি থেকে অনুপ্রাণিত।
সিরিজে গোয়েন্দা 'আদিত্য মজুমদার'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে। পরমব্রত কিছুদিন আগেই হইচই-তে কাজ করেছেন। তবে অভিনয় নয়, পরিচালনায় দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগেই পরমব্রতর পরিচালনায় মুক্তি পেয়েছিল 'রক্ত ফলক'। এই সিরিজে বাংলার তন্ত্র ও মোহমায়ার এক অধরা দিক দেখা গিয়েছিল। গল্পে তান্ত্রিকের চরিত্রে ছিলেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী, কনিনীকা ব্যানার্জি ও মোহনা মাইতিকে।
এই সিরিজের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জুন মালিয়া, ঋতাভরী চক্রবর্তী, পায়েল সরকার, ভরত কল, ইন্দ্রাশিস রায়, সৃজলা গুহ, সৌম্য ব্যানার্জি সহ আরও অনেকেই। সিরিজের গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
গল্পে নায়িকা 'মন্দাকিনী'র চরিত্রে জুন। তার প্রথম পক্ষের মেয়ে 'সোহিনী'র চরিত্রে সৃজলা। মন্দাকিনীর স্বামীর চরিত্রে ভারত কল। আর তাঁর প্রথম পক্ষের ছেলের চরিত্রে ইন্দ্রাশিস, ইন্দ্রাশিসের প্রেমিকার চরিত্রে পায়েল। ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে আদিত্য অর্থাৎ পরমব্রতর প্রাক্তন স্ত্রীর চরিত্রে। গল্পে তাঁর নাম 'রতনা'।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের। আগামী জুলাই মাসেই মুক্তি পাচ্ছে 'ছদ্মবেশী'।
















