‘পঞ্চায়েত’ সিরিজের আকাশছোঁয়া জনপ্রিয়তা যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছে গিয়েছে, তা এখন আর কোনও গোপন খবর নয়। সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে ‘ফুলেরা’ গ্রামের দুই কালজয়ী চরিত্র— ‘ভূষণ’ তথা ‘বনরাকাস’ (দুর্গেশ কুমার) এবং ‘বিনোদ’ (অশোক পাঠক)-এর সাথে প্রধানমন্ত্রীর হাসিমুখে মোলাকাতের ভিডিও এখন নেটপাড়ায় সুপারহিট। প্রধানমন্ত্রী ওঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সাক্ষাতের একটি চমৎকার রিলও শেয়ার করেছেন, যার ব্যাকগ্রাউন্ডে বেজেছে পঞ্চায়েতের সেই আইকনিক ভাইরাল থিম সং, আর ক্যাপশনে লেখা ছিল— “বিনোদের সঙ্গে কয়েক পশলা মুহূর্ত”।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখা গেল, গল্প কি শুধু ওখানেই শেষ? ভিডিওর ওপারে, অফ-ক্যামেরায় খোদ মোদীজি এই দুই অভিনেতাকে ঠিক কী কী বললেন? সেই নিখাদ আনন্দের এক্সক্লুসিভ অভিজ্ঞতা জানতে ‘আজকাল ডট ইন’ সরাসরি যোগাযোগ করেছিল বিনোদ এবং বনরাকাস— দুজনের সাথেই। আর তাঁরা যা জানালেন, তা শুনলে যেকোনও পঞ্চায়েত-ভক্তের গায়ে কাঁটা দেবে!
?utm_source=ig_web_button_share_sheet
প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই মায়াবী মুহূর্তের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারছেন না ‘বিনোদ’ খ্যাত অশোক পাঠক। আজকাল ডট ইন-এর কাছে ওঁর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত! মোদিজি যখন আমার দিকে তাকিয়ে সরাসরি ‘বিনোদ’ বলে ডেকে উঠলেন, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি এগিয়ে এসে করমর্দনও করলেন। আমাদের এই সিরিজ জনতামহলের ভালবাসা তো পেয়েছে আগেই, কিন্তু খোদ প্রধানমন্ত্রীর পোস্টে সেই ধারাবাহিকের গানের সুর বাজবে, এটা কেউ কোনওদিন ভাবতে পেরেছিল বলুন? আর তার ওপর আমার অভিনীত চরিত্রের নাম উনি নিজের ইনস্টাগ্রামের ক্যাপশনে লিখেছেন! এ যে কী বড় পাওয়া, তা আমি ভাষায় বলে বোঝাতে পারব না। এটা আমার জীবনের বড় পুরস্কার।”
অশোক আরও জানান, মোদীজি শুধু ওঁর সঙ্গেই কথা বলেননি, ওঁর সহ-অভিনেতা দুর্গেশকে নিয়েও দারুণ মজা করেছেন। অশোকের কথায়, “শুধু কী তাই... দুর্গেশ ভাইকেও তো মোদিজি বলে উঠলেন, ‘পঞ্চায়েত-এর সবথেকে বড় তারকা। আপনার কথা বিনোদ কি শোনে?’ ভাবা যায়! আমরা যে সবাই পঞ্চায়েতে কতটা সততার সাথে কাজ করছি, এই একটা প্রশংসাই তার সবচেয়ে বড় প্রমাণ।”
অন্যদিকে ‘বনরাকাস’ ওরফে দুর্গেশ কুমারের অবস্থাও ওঁর সহ-অভিনেতার মতোই। স্বপ্নের ঘোরে থাকা দুর্গেশ আজকাল ডট ইন-কে বলেন, “এখনও কেমন যেন পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। আমাদের সিরিজ ওঁর চোখে পড়েছে, আমার অভিনয় তিনি খেয়াল করেছেন... এ যে কত বড় পাওনা আমি প্রকাশ করতে পারব না। মোদীজির সেই ভিডিও তো এখন বিশ্বজুড়ে ভাইরাল। কিন্তু অফ-ক্যামেরা উনি হাসতে হাসতে আমাকে এও জিজ্ঞেস করেছিলেন— ‘পঞ্চায়েতের সবাই আপনার নির্দেশ মানছে কি না?’ জবাব দেব কী দাদা, আমি তো তখন ভয়ে আর আনন্দে পুরো বেকুব বনে গিয়েছি! পাশে দাঁড়িয়ে তখন অশোক খুব হাসছে। ওদিকে রাম চরণও দাঁড়িয়ে হাসছেন। খোদ প্রধানমন্ত্রী আমাকে পঞ্চায়েত-এর তারকা বলে ডেকে হ্যান্ডশেক করলেন... এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আইডিতে ‘বিনোদ’-এর থিম সং বাজতে দেখে কমেন্ট সেকশনে ইতিমধ্যেই নেটিজেনরা মজাদার মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। সিরিজের মূল প্রযোজনা সংস্থা ‘দ্য ভাইরাল ফিভার’ (TVF) মন্তব্য করেছে, “চলতি বছরের সবচেয়ে অপ্রত্যাশিত ও মিষ্টি মোলাকাত!” অন্য এক অনুরাগী পঞ্চায়েতের চেনা সংলাপের সুরে লিখেছেন, “এবার মনে হচ্ছে ফুলেরা গ্রামের আসল বিকাশ (উন্নয়ন) হবে!” কেউ আবার লিখেছেন, “এরকম একটি অভাবনীয় ঘটনা ২০২৬ সালে দেখতে পাব ভাবিনি!”
পার্শ্বচরিত্র হিসেবে শুরু করেও আজ দুর্গেশ কুমার (এনএসডি-র প্রাক্তনী, যিনি ‘হাইওয়ে’, ‘সুলতান’, ‘সঞ্জু’ ছবিতে কাজ করেছেন) এবং অশোক পাঠক (‘বিট্টু বস’, ‘১০২ নট আউট’ খ্যাত) ভারতের ঘরে ঘরে স্টার। গত বছর ২০২৫-এ মুক্তি পাওয়া ‘পঞ্চায়েত সিজন ৪’-এর বাম্পার সাফল্যের পর, অ্যামাজন প্রাইম ভিডিও নিশ্চিত করেছে যে ‘পঞ্চায়েত সিজন ৫’-এর কাজ পুরোদমে চলছে। ২০২৬ সালের শেষের দিকেই আবার সচিবজি, প্রধানজি, ভূষণ আর বিনোদদের নিয়ে ওটিটি স্ক্রিনে ফিরছে এই তুমুল জনপ্রিয় সিরিজ।
















