বলিউডের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম পরিচালক নীতেশ তিওয়ারি-র মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। ছবিটি ঘোষণার পর থেকেই কাস্টিং নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে রাবণের ভাই ‘কুম্ভকর্ণ’ চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। প্রথমদিকে শোনা গিয়েছিল, এই চরিত্রে দেখা যেতে পারে ববি দেওল-কে। তবে সেই জল্পনা এবার কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ছবিতে শক্তিশালী যোদ্ধা কুম্ভকর্ণের চরিত্রে অভিনয় করছেন ফয়জল মালিক। ইতিমধ্যেই তিনি ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন। ছবিটির প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা এ বছরের দীপাবলিতে।

সূত্রের দাবি, মুম্বইয়ের প্রাইম ফোকাস স্টুডিয়োতে ‘কুম্ভকর্ণ’-এর পরিচয় পর্বের দৃশ্যের শুটিং করেছেন ফয়সাল মালিক। সেই দৃশ্যে তাঁর সঙ্গে ছিলেন ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করা যশ। আন্তর্জাতিক কসরত-দলের তত্ত্বাবধানে এই দৃশ্য ধারণ করা হয়েছে। জানা গেছে, এই দৃশ্যগুলিতে ব্যাপক মাত্রায় দৃশ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ধাঁচ অনেকটা অবতার ছবির মতো।

সেই সূত্র আরও জানিয়েছে, ছবির দ্বিতীয় অংশে থাকা বড় বড় যুদ্ধদৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে। চরিত্রটির জন্য ফয়জল মালিকের লম্বা চেহারা ও শক্তপোক্ত গঠন একেবারে মানানসই বলেই মনে করছেন নির্মাতারা। যদিও ছবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাস্টিং ঘোষণা করা হয়নি। এই বিষয়ে মন্তব্য করতে চাননি অভিনেতাও।অন্যদিকে রাবণের পুত্র মেঘনাদের চরিত্রে নাকি দেখা যেতে পারে রাঘব জুয়াল-কে, এমন জল্পনাও শোনা যাচ্ছে। যদিও সেই খবরও এখনও নিশ্চিত নয়।

প্রথমে পরিকল্পনা ছিল রামনবমী উপলক্ষে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া-তে ছবির প্রথম ঝলক প্রকাশ করা হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে ছবির কাস্টিং সম্পর্কেও এখনো গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

এই ছবিতে ‘রাম’-এর ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং ‘সীতা’র চরিত্রে দেখা যাবে সাই পল্লবী-কে। হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। ‘লক্ষ্মণ’-এর ভূমিকায় রয়েছেন রবি দুবে। ‘দশরথ’-এর চরিত্রে দেখা যাবে অরুণ গোভিল-কে। ‘কৌশল্যা’র ভূমিকায় ইন্দিরা কৃষ্ণণ,  ‘কৈকেয়ী’র চরিত্রে লারা দত্ত এবং মন্থরার ভূমিকায় রয়েছেন শিবা চাড্ডা। এছাড়া বিদ্যুৎজিহ্বার চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয় এবং মন্দোদরীর ভূমিকায় দেখা যাবে কাজল আগরওয়াল-কে।

ছবিটির প্রযোজক নমিত মালহোত্রা। সঙ্গীত পরিচালনায় রয়েছেন দুই অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং হ্যান্স জিমার। পরিচালক নীতেশ তিওয়ারি নিজেই শ্রীধর রাঘবন-এর সঙ্গে জুটি বেঁধে ছবির চিত্রনাট্য লিখেছেন।নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী ছবিটির প্রথম অংশ মুক্তি পাবে এ বছরের দীপাবলিতে। দ্বিতীয় অংশ মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। ছবিটির জন্য আন্তর্জাতিক স্তরের প্রযুক্তি ও কর্মীদলকেও যুক্ত করা হয়েছে।

অভিনেতা ফয়সাল মালিক প্রথম দর্শকের নজরে আসেন অনুরাগ কাশ্যপের ছবি গ্যাংস অফ ওয়াসেপুর-এ এক মজার পুলিশ অফিসারের চরিত্রে। পরে বিপুল জনপ্রিয়তা পান পঞ্চায়েত ধারাবাহিকে ‘ডেপুটি প্রধান প্রহ্লাদ’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

এরপর তিনি একাধিক ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি হরর-কমেডি ছবি থাম্মা-তে এক পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে। এছাড়া  অনিল কাপুর অভিনীত সুবেদার ছবিতে ‘সফটি ভাইয়া’ নামে এক প্রতিপক্ষ চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি। এদিকে জনপ্রিয় ওটিটি সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনের শুটিংও শিগগিরই শুরু হওয়ার কথা।

 

 

&t=643s