ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল সঙ্গীত পরিচালক পলাশ মুছলের। তাঁদের বিয়ে ভেঙে যাওয়ার পরই বার বার আলোচনায় উঠে এসেছেন দুই তারকা। মাঝে আবার তাঁদের দূরত্ব কমে যাওয়ার খবরও সামনে আসে। এরই মাঝে গুরুতর আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন পলাশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্মৃতির এক ঘনিষ্ঠ বন্ধু।
পলাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই ব্যক্তির প্রতি জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন। সেই বন্ধুর মতে, একটি কথোপকথন বা ঘটনার সময় পলাশ তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক এবং জাতিবিদ্বেষী শব্দ ব্যবহার করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ নির্দিষ্ট ধারায় পলাশের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিষয়টি এখন তদন্তাধীন পর্যায়ে রয়েছে।
পলাশ মুছল এবং স্মৃতি মান্ধানার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে চর্চা হয়। তবে এই আইনি বিবাদে স্মৃতির সরাসরি কোনও ভূমিকা নেই। জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ভারতে অত্যন্ত সংবেদনশীল এবং কড়া আইনি অপরাধ। ফলে এই মামলাটি পলাশের পেশাদার ও ব্যক্তিগত জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে।
বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। পলাশ বা তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে একথা সম্পষ্ট যে একজন বন্ধুর সঙ্গে তর্কের জেরে করা মন্তব্যের কারণে এখন বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে আছেন এই বলিউড সঙ্গীত পরিচালক।















