বিভিন্ন তারকাখচিত পার্টির মধ্যমণি তিনিই। জাহ্নবী কাপুর সহ একাধিক স্টার কিডের সঙ্গে তাঁর বিশেষ সখ্য। কথা হচ্ছে ওরি ওরফে ওরহান ওত্রামানির। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের উপার্জনের মূল উৎস কী? কত টাকাই বা তিনি উপার্জন করেন? এই বিষয়ে ওরি নিজেই জানালেন বিস্তারিত।
সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসেছিলেন ওরি। সেখানেই তিনি জানালেন, গত মাসে কেবল মাত্র একটি রিল থেকে তিনি ৭৬ লাখ টাকা আয় করেছেন। আর সেটা শুনেই চক্ষু ছানাবড়া সকলের। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বর্তমানে কোন পর্যায় পৌঁছেছে সেটা এখান থেকেই প্রমাণিত। আজকাল বহু ইনফ্লুয়েন্সারই টাকার বিনিময়ে প্রচার করেন বিভিন্ন ব্র্যান্ড বা জিনিসের। কিন্তু তাই বলে একটা রিলের জন্য ৭৬ লাখ টাকা!
দাঁড়ান, এখানে চমকে থমকালে হবে? ওরি এরপরই জানান তাঁর আয়ের মূল উৎস। সেটা কিন্তু মোটেই সমাজমাধ্যম নয়। তাহলে? পয়সার বিনিময়ে তিনি তাঁর বন্ধুত্ব বিক্রি করেন। অর্থাৎ টাকার বিনিময়ে আপনিও ওরির বন্ধু হতে পারেন। এই 'পেইড ফ্রেন্ডশিপ' এবং ইভেন্ট অ্যাপিয়ারেন্স থেকেই মূল আয় হয় তাঁর। ওরি জানান, ক্লায়েন্টরা টাকার বিনিময়ে তাঁকে বুক করেন, তিনি তারপর বিভিন্ন লাঞ্চ, ডিনার বা অন্যান্য পার্টিতে যান। সেখানে সকলের সঙ্গে মেশেন, ছবি তোলেন, পার্টি মাতিয়ে রাখেন। কত টাকা নেন তার জন্য?
আপনি যদি ওরির বন্ধুত্ব কিনতে চান বা তাঁকে কোনও পার্টিতে আনতে চান তার জন্য আপনার পকেট থেকে মাত্র ১৫ থেকে ২৫ লাখ টাকা খরচ হবে। এবার কোন বা কী ইভেন্ট তার উপর দাম নির্ধারণ করেন তিনি।
গোটা বিষয়ে ওরি বলেন, 'আপনি আমায় চাইলে লাঞ্চ, ডিনার, আপনার জন্মদিন বা অন্য ইভেন্টের জন্য কিনতে পারেন। আমি আপনার সেই ইভেন্টে আসব আর এমন ভাবে কথা বলব যেন আমি আপনার ছোটবেলার বন্ধু। আপনার সঙ্গে চিপকে থাকব, আড্ডা দেব, আপনার মা বাবার সঙ্গে ছবি তুলব। যাঁকে বলবেন তাঁর গায়ে হাত দিয়ে ছবি তুলব। আমি এমন একটা অভিজ্ঞতা যা আপনি কিনতে পারবেন।' এই সোশ্যাল মিডিয়া তারকা দাবি করেন, মানুষ টাকা টাকা দেন তাঁর উপস্থিতির জন্য, তিনি ইভেন্টে থাকলে যে অভিজ্ঞতা হবে সেটা একবার এক্সপিরিয়েন্স করার জন্য।
ওরি এদিন মজা করে তাঁর ছবি তোলার ভঙ্গিমার বিষয়ে বলেন, 'ভারতে কেবল দু'জন মানুষের ছবি তোলার পোজ বিখ্যাত, একজন শাহরুখ খান। আরও একজন ওরি। আমি কৃতজ্ঞ যে আমি সেই জায়গায় পৌঁছতে পেরেছি।' তিনি এদিন এও জানান, অন্য কেউ নন, বরং তাঁর বাবা, মা-ই তাঁর সমস্ত টাকা পয়সার হিসেব রাখেন। তাঁরাই তাঁর ফাইন্যান্স সামলান।















