বলিউডের ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ তকমা কি তবে অতীত? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি এবং অভিনেত্রী সারা আলি খানের ‘কোল্ড ওয়ার’ থামার কোনও লক্ষণই নেই। বরং যত দিন যাচ্ছে, সারার প্রতি ওরির আক্রমণের ধার ততই বাড়ছে। এবার সরাসরি রোহিত শেট্টিকে টেনে এনে সারার কেরিয়ার এবং অভিনয় দক্ষতা নিয়ে ফের প্রকাশ্যেই উপহাস করলেন ওরি।

রোহিত শেট্টি সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এ যোগ দিতে চলেছেন ওরি। সেই উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে ওরিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি কাউকে ভয় পান? জবাবে বেশ রহস্যময়ভাবে অরি বলেন, “আমি বিশেষ কিছু মানুষকে খুব ভয় পাই।” এরপর মজা করে তিনি যোগ করেন যে, সেই মানুষগুলো এই শো-তে নেই। যদি থাকতেন, তবে তিনি নিজেই তাঁদের লাথি মেরে বের করে দিতেন।

আসল বোমাটি ফাটল যখন অরিকে পরিচালক রোহিত শেট্টি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ওরি জানান, তিনি রোহিতের ‘সিম্বা’ দেখেছেন এবং তাঁর খুব ভাল লেগেছে। এরপরই সারাকে নিশানা করে অরি বলেন, “আমি রোহিত স্যারকে গিয়ে বলব, আপনি যদি সারা আলি খানের মতো কাউকে এত বড় হিট সিনেমা দিতে পারেন, তবে আপনি যেকোনও কাউকেই পারেন! তাই দয়া করে আমাকেও একটা হিট দিন।”ওরির এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, সারার সফলতার কৃতিত্ব তাঁর নিজের নয়, বরং পরিচালকের।

 

সারা এবং অরির এই তিক্ততা নতুন নয়। মাস কয়েক আগেই অরি তাঁর একটি রিলে ‘তিনটি জঘন্যতম নাম’ হিসেবে সারা, অমৃতা এবং পলকের নাম উল্লেখ করেছিলেন। এরপরই সারা এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান সোশ্যাল মিডিয়ায় অরিকে ‘আনফলো’ করে দেন।বিতর্ক আরও বাড়ে যখন জনৈক নেটিজেন ওরির একটি পোশাক নিয়ে বিদ্রুপ করলে ওরি পাল্টা কমেন্টে লেখেন— সারার কেরিয়ারের ‘হিট’ ছবিগুলোর চেয়েও তাঁর পোশাকের জোর বেশি। একের পর এক এমন ব্যক্তিগত আক্রমণের পর এটা স্পষ্ট যে, এই দুই প্রাক্তন বন্ধুর সম্পর্ক এখন তলানিতে।

ব্যক্তিগত জীবনে বিতর্কের মাঝেও সারা আলি খান পেশাদার জীবনে ব্যস্ত। তাঁকে আগামীতে দেখা যাবে ‘পতি পত্নি ঔর ওহ ২’ ছবিতে আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিংয়ের সঙ্গে। অন্যদিকে, ওরি এখন ব্যস্ত তাঁর স্টান্ট আর রিয়ালিটি শো-এর প্রস্তুতি নিয়ে।