নিজস্ব সংবাদদাতা: টলিউডে আবারও নতুন জুটির সম্ভবনা। বাবা যাদব-এর পরিচালনায় আসছে বানিজ্যিক ঘরানার ছবি। এই ছবিতেই দেখা যেতে চলেছে ওম সাহানি ও রূপসা মুখোপাধ্যায়কে। এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের।

সূত্রের খবর, ছবির বিষয়বস্তু হতে চলেছে বর্তমান সমাজের প্রাসঙ্গিকতা। সেই সঙ্গে থাকবে ভরপুর অ্যাকশন ও রোমান্সের ছোঁয়াও। ছবির বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারে এপার বাংলার সঙ্গে ওপার বাংলার যোগ। দুই বাংলা এক হতে চলেছে বাবা যাদবের পরবর্তী এই ছবিতে।

নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে, অস্বীকার করেন না তিনি। কিন্তু এই বিষয়ে এখনই বিস্তারিত কথা বলতে নারাজ অভিনেত্রী। সূত্রের খবর, ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে শুটিং।

প্রসঙ্গত, কিছুদিন আগে দীর্ঘ ১৪ বছরের বিরতি কাটিয়ে ছোটপর্দায় 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকের মুখ্য চরিত্র হয়ে ফিরেছিলেন ওম সাহানি। দর্শকের থেকে পেয়েছিলেন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া। অন্যদিকে সদ্যই মুক্তি পেয়েছে সায়ন বসু রায়চৌধুরী পরিচালিত রূপসা অভিনীত ছবি 'নার্ভ'। ওম-রূপসার নতুন এই জুটিকে দেখার জন্য উৎসুক দর্শক।