দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা বাণী। ক'দিন আগেই এমনটা দেখা গিয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'য়। নতুন এই মোড় বেশ পছন্দ করেছেন দর্শক। বাণীর দ্বিতীয় সন্তান আসার খবরে খুশির জোয়ার চ্যাটার্জি পরিবারে। অনিরুদ্ধর মা চায় তার যেন এবার নাতি হয়। বাড়ির সবাই মনে মনে ভাবে বাণীর এবার ছেলেই হবে। এর মধ্যেই ছোট্ট তানিয়ার সঙ্গে বাণীর দূরত্ব তৈরি করতে উঠেপড়ে লাগে বিদ্যুৎ অর্থাৎ বাণীর প্রথম স্বামী ও তানিয়ার বাবা।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, হাঁসফাঁস করা গরমে নাজেহাল বাণী। অনিরুদ্ধকে সে তার অস্বস্তির কথা জানায়। আর তখন ছোট্ট তানিয়া এসে বরফ জল বাণীর মাথায় ঢেলে দেয়। সে বলে এবার আর মা ও ভাইয়ের ঠান্ডা লাগবে না। কিন্তু বরফ জল মাথায় পড়লে যে বাণীর ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে সেটা বুঝতে পারে না তানিয়া। আর এতেই রেগে যায় অনিরুদ্ধর মা। তানিয়াকে জোর ধমক দেয় সে। যদিও অনিরুদ্ধ রুখে দাঁড়ায়। মাকে বলে, তানিয়া অনেক ছোট, ফলে সে না বুঝেই এই কাজ করেছে। কিন্তু তানিয়ার উপর রাগ কমে না অনিরুদ্ধর মায়ের। সে জানায়, ছোট বলে সবকিছু ক্ষমা করা যায় না। তার নাতির যদি ক্ষতি হয়, তাহলে সে কাউকে ছেড়ে কথা বলবে না।
এদিকে, তানিয়া নালিশ জানায় তার আসল বাবার কাছে। জানায় এইটুকু কারণে তাকে বকা হয়েছে। বিদ্যুৎ মেয়ের এই সরলতার সুযোগ নিয়ে তাকে ভুল বোঝাতে চায়। কিন্তু রুখে দাঁড়ায় বাণী। দ্বিতীয় সন্তান আসায় তানিয়ার থেকে কি অজান্তেই দূরে সরে যাবে বাণী? কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
প্রসঙ্গত, 'ও মোর দরদিয়া' বরাবরই টিআরপিতে এক থেকে দশের মধ্যে থাকে। গল্পের এই নয়া মোড় রেটিং চার্টে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।















