নতুন জীবন শুরুর পথে বাণী। বরাবরের মতোই তার পাশে রয়েছে মেয়ে তানি ও স্বামী অনিরুদ্ধ। বাণী আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চায়। কিন্তু তার এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় নয়নতারা ও মৌলী! ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, অসময়ে সরস্বতী পুজোর আয়োজন করেছে বাণী। মেয়ে তাকে তাড়া দেয় স্কুলে দেরি হচ্ছে বলে।
এদিকে, বাণীর মা তার কাছে জানতে চায় এই সময়ে কেন সে সরস্বতী পুজো করছে? জবাবে বাণী বলে, সে নতুন করে পড়াশোনা শুরু করতে চায়। যে বাবা তাকে ছোট থেকে মানুষ করেছে, সে সব সময় চাইত বাণী যেন বড় হয়ে কালেক্টর হয়। বাণী জানায়, তার নিজের বাবা-মাও নিশ্চয়ই চান মেয়ে নিজের পায়ে দাঁড়াক। এই কথা শুনে অবাক হয়ে যায় বাণীর মা। কারণ সে এখনও পর্যন্ত মেয়ে হিসেবে বাণীকে মেনে নিতে পারেনি।
এদিকে, বাণীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে প্রস্তুত মৌলী ও ঠাকুমা নয়নতারা। তারা ছক কষতে থাকে কীভাবে বাণীর পড়াশোনার ইচ্ছে ভেস্তে দেওয়া যায়। শেষমেশ কী হতে চলেছে? বাণী কি পারবে নিজের লক্ষ্য পূরণ করতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল বাণী তার পরিবারকে ফিরে পেয়েছে, জানতে পেরেছে তার জন্ম বৃত্তান্ত। নিজের অধিকার ফিরে পেতে, নিজের আত্মীয়দের কাছে ফিরে গিয়েও সমাদর পায় না বাণী। বাণী তার মায়ের কাছে গিয়ে নিজের পরিচয় দিতেই তাকে কষিয়ে চড় মারে মা। বাণীকে বাইরের লোকের তকমা দেয়। বলে বাইরের লোক, বাইরের লোকের মতোই যেন থাকে। শুধু তাই নয়, সে বাণীকে ভুল বুঝে জিজ্ঞেস করে, তার মাতৃস্নেহকে ভুলভাবে ব্যবহার করতে চাইছে? যদিও বাণী এতে দমে যায় না। বরং নিজের ভাবনা স্পষ্ট ভাবে সকলের সামনে রাখে।
বাণী তার মাকে বলে সে জন্ম থেকেই মা থাকার পরও মাতৃহারার মতো দিন কাটিয়েছে, মাতৃস্নেহ পায়নি। কিন্তু এখন যখন মাকে ফিরে পেল সে, মায়ের দেওয়া এই শাস্তি সে মাথা পেতে আশীর্বাদ হিসেবে মেনে নেবে। এখন এটাই দেখার পালা বাণী কীভাবে তার পরিবারের সকলের মনে নিজের জায়গা করে নেয়। কীভাবে বাইরের লোক থেকে নিজের লোক হয়ে ওঠে।















