ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতা রাহুল অরুনোদয় ব্যানার্জির৷ আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে।  

"আমি কারও ফোন ধরতে পারছি না৷ আমি কী বলব বুঝতে পারছি না৷ এই কয়েকদিন আগেই দেখা হল, কথা হল, ছবির প্রোমোশন করলাম, আর আজকে এই খবর, বিশ্বাস হচ্ছে না৷"

পায়েল সরকার  জানিয়েছেন মাত্র দুটো ছবিতে কাজ করেছেন রাহুলের সঙ্গে। কিন্তু চেনাজানা বহুদিনের৷ টলিউডের অভিনেতাদের মধ্যে নিঃসন্দেহে গুণী এবং শিক্ষিত অভিনেতা৷ বহুমুখী প্রতিভার অধিকারী রাহুল, জানিয়েছেন পায়েল৷ 

যত ভাল লেখে, তত ভাল কথা বলতে পারে৷ অভিনেতা হিসাবে শুধু নয়, কথক হিসাবে রাহুল যে অনবদ্য সে কথা জানান পায়েল৷ রাহুলের বুদ্ধিমত্তা এবং রসবোধের কথাও বলেন পায়েল৷ পায়েল জানান, রাহুলের সঙ্গে কথা বলাটাই একটা আলাদা অভিজ্ঞতা, তুমি ওর সঙ্গে কথা বললে যেমন মজা পাবে তেমনি অনেক কিছু জানবে৷ 

রাহুল "চতুষ্কোণ এবং অ্যাকাডেমি মাত্র এই দুটি ছবিতেই কাজ করার সুযোগ হয়েছিল ওঁর সঙ্গে। আমার সৌভাগ্য আমার বিপরীতে অভিনেতা হিসাবে আমি রাহুলকে পেয়েছি। ও তো ভীষণ ভাল একজন অভিনেতা৷ ওর সঙ্গে কাজ করাটা লার্নিং এক্সপেরিয়েন্স। ওঁর সঙ্গে কাজ করা মানে আমি নিজেকে আরও উন্নত করব।" 

অভিনয় করার ক্ষেত্রে সহঅভিনেতার কাজ ভাল হলে যে অভিনয়ের গুণগত মান বেড়ে যায় সেকথাও জানিয়েছেন পায়েল৷ যেটুকু কাজ করেছি সেটুকুই আমার কাছ ভীষণ গুরুত্বপূর্ণ। 

মাত্র কয়েকদিন আগেই দেখা হয়েছে রাহুলের সঙ্গে।  রাহুলের মতো মানুষের সকলে বন্ধু হয় না৷ ওঁর চিন্তাধারা বা মননের সঙ্গে মিললে তবেই এই ধরনের মানুষের বন্ধু হওয়া যায় বলেও জানান পায়েল৷ রাহুলের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠা যে বিরল, তাও জানিয়েছেন পায়েল৷ 

"আমি যতটুকু দেখেছি তার থেকে বলতে পারি ওর সঙ্গে বন্ধুত্ব করার জন্যও শিক্ষা, বুদ্ধিমত্তার প্রয়োজন৷ সকলে ওঁর বন্ধু হতে পারবে না, এই বিষয় আমি নিশ্চিত কারণ ওঁর শিক্ষা সংস্কৃতির যে পরিধি তাঁর সঙ্গে মানিয়ে নিয়ে বন্ধুত্ব করা সহজ নয়৷" সংযোজন পায়েলের৷