বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করতে চলেছেন নোরা ফাহেতি। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ডাক পেয়েছেন বলিপাড়ার ‘ড্যান্সিং কুইন’। কানাডার টরন্টোতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বের তাবড় তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাঁকে।

যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ২০২৬ সালেও ফিফার মঞ্চে তাঁর উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে, আন্তর্জাতিক স্তরে নোরার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানটি হতে চলেছে কানাডার টরন্টোতে। মজার বিষয় হল, নোরার জন্ম এবং বেড়ে ওঠা এই টরন্টো শহররেই। তাই নিজের জন্মভিটেয় ফিফার মতো মেগা ইভেন্টে পারফর্ম করা নোরার কাছে যেমন গর্বের, তেমনই আবেগের।

এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন বিশ্বের নামী-দামি সব সঙ্গীতশিল্পী ও পারফর্মাররা। সেই তালিকায় নোরার নাম থাকা মানে বলিউড তথা ভারতের নাচের শৈলী আবারও বিশ্ব দরবারে প্রদর্শিত হওয়া।

‘দিলবার’ বা ‘সাকি সাকি’ গানের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও নোরা এখন আর কেবল আইটেম সং-এ সীমাবদ্ধ নেই। তিনি এখন একজন সত্যিকারের ‘গ্লোবাল আইকন’। বিশ্বকাপে নোরার এই খবরটি সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নোরার সিগনেচার ড্যান্স মুভ আর অদম্য এনার্জি দেখতে মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা। ২০২৬ সালের জুন মাসে বিশ্বকাপের পর্দা উঠবে। সেই সময়ই টরন্টোতে নোরার সেই বিশেষ পারফরম্যান্স দেখা যাবে।