সংবাদসংস্থা মুম্বই: আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ঐতিহাসিক ড্রামা 'যোধা আকবর'কে কেন্দ্র করে মুখ খুললেন অভিনেতা নিকিতিন ধীর। হৃত্বিক রোশন, ঐশ্বর্য রাই অভিনীত এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল নিকিতিনকে। এই ছবিতে অভিনয় করার পর অভিনয় জগতের উপর খারাপ ধারণা হয়েছিল বলে দাবি অভিনেতার।
সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'যোধা আকবর'-এর শুটিং ফ্লোরে তাঁর সঙ্গে খুব একটা ভাল আচরণ করতেন না কেউই। তাঁর কথায়, এই ছবিতে তাঁর অংশের শুটিং শেষ করার পরেই 'মিশন ইস্তানবুল' ছবিতে কাজ শুরু করেন। তখনও 'যোধা আকবর'-এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়নি। কিন্তু তাঁর সঙ্গে চুক্তিতে এরকম কোনও কথা হয়নি যে তিনি আর কোনও কাজ করতে পারবেন না। তাই তিনি 'মিশন ইস্তানবুল'-এর কাজ শুরু করেছিলেন। এরপর তিনি জানতে পারেন 'যোধা আকবর'-এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে এবং তা শেষের পথে। সেইসময় তিনি একাধিকবার প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কোনও লাভ হয়না। নিকিতিন বলেন, 'যোধা আকবর'-এ তাঁর চরিত্রের জন্য তিনি নিজেকে নব্বই দিন ধরে প্রস্তুত করেছিলেন। উর্দু ভাষা চর্চাও করেছিলেন তিনি। কিন্তু শেষমেশ আশুতোষ গোয়াড়িকর-এর নির্দেশে তাঁকে, তাঁর চরিত্রে ডাবিং করতে দেওয়া হয়নি। সেইসময় অভিনেতার ইন্ডাস্ট্রির উপর থেকে ভরসা উঠে যায় বলে তিনি জানান।
















