তাদের অসমবয়সী প্রেম নিয়ে এককালে কম চর্চা হয়নি৷ নিক জোনাস- প্রিয়াঙ্কা চোপড়ার বয়সের ব্যবধান এক দশকের৷ ১০ বছর বড় প্রিয়াঙ্কাকে ভালবেসে বিয়ে করলেও এই বিয়ে টিকবে কি না তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন সেই সময়৷ কিছু প্রশ্নের উত্তর রেখে যায় সময়৷ আট বছরের দাম্পত্যে বয়স বা গায়ের রং কিছুই বাধা হয়নি। ছকভাঙা নিয়মেই তাদের ভালবাসা সময়ের সঙ্গে পরিণত হয়েছে৷
প্রকাশ্যেই স্ত্রী প্রিয়াঙ্কাকে ভালবাসার কথা জানান নিক৷ এমনকি প্রিয়াঙ্কার প্রশংসা করতেও নিক জোনাস কখনও কোনও রাখঢাক করেননি। আর তাই বয়সের ব্যবধান, বক্রোক্তি সব পেরিয়ে আজ তারা বলিউডের 'পাওয়ার কাপল'।
সম্প্রতি 'দেশি গার্ল' একটি পডকাস্টে জানান, তাঁর কোন গুণের জন্য স্বামী নিক মুগ্ধ। প্রিয়াঙ্কার সামনে নিকের লেখা প্রেমপত্র পড়ে শোনান সঞ্চালক জয় শেট্টী৷ লজ্জায় লাল প্রিয়াঙ্কা দু'হাতে মুখ চাপা দিলেও আঙুলের মাঝেই ধরা পড়ে উছলে পড়া আনন্দ৷
আমেরিকান পপ তারকা লিখেছেন, "আমার প্রাণ! তুমি মানুষ হিসাবে যেমন, তা দেখে আমি সত্যিই মুগ্ধ৷ তুমি কত বড় মাপের তারকা, বিশ্বজোড়া বিপুল খ্যাতি, শুধু সেই কারণে আমি মুগ্ধ নই৷ আমি মুগ্ধ কারণ একজন মা, একজন মেয়ে এবং একজন স্ত্রী হিসাবে তুমি যেমন, সেই দেখেই আমি বারবার মুগ্ধ হই৷ প্রতিদিনের জীবনে যে ইতিবাচক মনোভাব তোমার তার জন্য আমি মুগ্ধ। বাইরে থেকে সকলেই তোমাকে দেখেন, কিন্তু আমি তোমাকে দেখি একান্তে নিভৃতে৷ তোমার অসীম ধৈর্য। অন্যের কথা মন দিয়ে শোনার এমন এক অদ্ভুত ক্ষমতা তোমার আছে যা বক্তাকে নিশ্চিন্ত আশ্রয় দেয়৷ তোমার বহুগুণের মধ্যে আমার সব থেকে পছন্দ তুমি কখনও কারও খুঁত খুঁজে বার করো না। বরং, প্রতিটা মানুষের মধ্যে থাকা ভাল গুণের দিকে মনোনিবেশ করো৷ তুমি আদতেই একজন লড়াকু মানুষ৷ বিগত আট বছরে সিনেমা থেকে ব্যক্তিজীবনের নানা বদলে এমন অনেক প্রতিকূল পরিস্থিতি এসেছে যেখানে অন্য কেউ হলে ভেঙে পড়ত৷ কিন্তু তুমি তোমার মধ্যেকার অন্তর্শক্তি দিয়ে আমার চারপাশ আলোকিত করেছ৷ উপরে উঠলেও আজও তুমি শিকড়কে ভুলে যাওনি৷ তোমাকে নিয়ে আমি এবং আমাদের কন্যা মালতী দু'জনেই গর্বিত৷ আমরা তোমার সঙ্গে আছি। তোমার সঙ্গে জীবনযাপনে যে অপার শান্তি, তা আমি ভাষায় প্রকাশ করতে অক্ষম৷ জীবনে যে সমস্যাই আসুক আমরা একসঙ্গে লড়াই করে নেব৷ তোমার প্রতি আমার অনন্ত ভালবাসা৷ "
চিঠির শেষ দিক যখন সঞ্চালক পড়ছেন, তখন প্রিয়াঙ্কার চোখ চিকচিক করে উঠছে৷ স্বামীর কাছ থেকে ভালবাসার এমন উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা৷ ভালবাসার প্রতি শ্রদ্ধায় তাঁর মাথা অবনত৷
তারকা থেকে সাধারণ মানুষ, স্বামী-স্ত্রীর দাম্পত্যকলহ যেভাবে চোখে পড়ে, আজকের ব্যস্ত দুনিয়ায় ভালবাসা ততটা প্রকাশ পায় না৷ নিক-প্রিয়াঙ্কা যেন দেখালেন ভালবাসা থাকলে শত যুদ্ধ জেতা যায় অনায়াসে।
















