বিয়ের পরই নিজেদের জীবনের নতুন অধ্যায়ের প্রথম চমক বিজয়-রশ্মিকা! দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দনা ও বিজয় দেবরকোন্ডা-র রাজকীয় বিয়ের ছবি এখনও নেটদুনিয়ায় ঝড় তুলছে। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধার পরদিনই নবদম্পতি রওনা দেন বাড়ির পথে। কিন্তু তাঁদের ফেরার ধরন দেখে চমকে যান অনুরাগীরা। কারণ কোনও ব্যক্তিগত বিমানে নয়, বরং আর পাঁচজন সাধারণ যাত্রীদের সঙ্গেই ইকোনমি ক্লাসে উড়লেন তাঁরা হায়দরাবাদের উদ্দেশে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের পরের সেই সফরে দম্পতি বেজায় খুশি। বিমানে ওঠার সময় যাত্রী ও ক্রুদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন বিজয়। অন্যদিকে রশ্মিকা উচ্ছ্বাসে হাত নেড়ে যাত্রীদের অভিবাদন জানান, এমনকী ছোট্ট ‘ইয়ে’ ভঙ্গিতেও আনন্দ প্রকাশ করেন।

 

এক মেকআপ শিল্পীর শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা, “শেষমেশ আপনাদের সামনে দেবরকোন্ডা  দম্পতি” এরপরই মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “ওদের জন্য অদ্ভুত রকম আনন্দ হচ্ছে ” আবার কেউ বলেছেন, “ওঁদের হাসিটাই সব বলে দিচ্ছে।” অনেকে অবাক হয়ে প্রশ্নও তুলেছেন, “ অ্যাঁ!  ওঁরাও বিমানের ইকোনমি ক্লাসে চড়ল?”

আরও এক নেট ব্যবহারকারীর নজর কাড়ে ছোট্ট এক রোম্যান্টিক মুহূর্ত—বিজয় নাকি রশ্মিকাকে জানালার সিটটি ছেড়ে দেন। সেই মুহূর্ত নিয়েও প্রশংসার ঢেউ ওঠে।

এদিকে কিছু নেটিজেনের দাবি, বিয়ের অতিথিদের জন্য নাকি গোটা ফ্লাইটই বুক করা হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিয়ের পর নবদম্পতি নিজেদের স্বপ্নময় ছবির সঙ্গে আবেগঘন বার্তাও ভাগ করে নেন। বিজয়ের পোস্টটি বিশেষভাবে মন জিতে নেয় অনুরাগীদের। সেখানে তিনি লেখেন, একদিন রশ্মিকাকে না পেয়ে তাঁর মনে হয়েছিল, দিনটা যেন অপূর্ণ। খাওয়া, ব্যায়াম, জীবন—সবই যেন অসম্পূর্ণ লাগে তাঁকে ছাড়া। আর সেই অনুভূতিই শেষমেশ তাঁকে নিজের ‘সেরা বন্ধু’-কেই স্ত্রী করে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছে দেয়।

বিয়ের জাঁকজমক, আবেগঘন বার্তা, আর তারপর সাধারণ উড়ান, সব মিলিয়ে এই তারকা জুটির নতুন জীবনের শুরুটাই যেন হয়ে উঠেছে রূপকথার মতো, তবে মাটিতে শক্ত করে পা রেখেই।

 

 

&t=313s