পর্দায় দুঃসাহসী চরিত্রে অভিনয় হোক কিংবা সমাজের নানা বিষয়ে খোলামোলা কথা বলতে কখনও পিছিয়ে আসেন না নীনা গুপ্ত। নারী স্বাধীনতা ও পুরুষতান্ত্রিকতার লক্ষ্মণগণ্ডির বাইরে পা রেখে স্পষ্ট বক্তা হিসেবে বরাবরই চর্চিত তিনি। সম্প্রতি নতুন করে চর্চায় উঠে এসেছেন নীনা। ৬৬ বছর বয়সে তিনি নাকি গর্ভবতী! সমাজমাধ্যম জুড়ে দেখা দিয়েছে এমনই জল্পনা। শেষ পর্যন্ত এই গুজব নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। 

ঘটনার সূত্রপাত বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনে। সেখানে স্বামী বিবেক মেহরার সঙ্গে হাজির হয়েছিলেন নীনা। সেই অনুষ্ঠানে তিনি আইভরি রঙের সিল্কের শাড়ি এবং ম্যাচিং হল্টার নেক ব্লাউজ পড়েছিলেন। 'ভিরোশ'-এর রিসেপশনের তোলা ছবিতে নাকি নীনার বেবি বাম্প বোঝা যাচ্ছে, এমনই গুজব রটে। পেটে হাত রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। যা দেখে অনেকেই অনুমান করেন, তবে কি অভিনেত্রী গর্ভবতী? 

গুজব দ্রুত ছড়িয়ে পড়তে অভিনেত্রীর কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়। বেশ হেসেই প্রতিক্রিয়া দেন নীনা। মজা করে তিনি বলেন, “বাস্তব জীবনে একটা ‘বধাই হো’ হলেই তো ভাল হতো!” উল্লেখ্য, ২০১৮ সালের জনপ্রিয় ছবি 'বাধাই হো'-তে তিনি এমন এক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি অনেক বয়সে গর্ভবতী হন। নিজের ছবির রেশ ধরেই মজার ছলে উত্তন দেন নীনা। 

এরপরই তিনি স্পষ্ট জানান যে এই খবর পুরোপুরি ভুল। অভিনেত্রীর কথায়, তিনি মোটেও গর্ভবতী নন। সেই অনুষ্ঠানে তিনি যে শাড়িটি পরেছিলেন, তার কাপড় বেশ মোটা ছিল। সেই কারণেই ছবিতে তাঁকে একটু ভারী বা তাঁর পেটের দিকে ফোলা লাগছিল। নীনা গুপ্ত আরও বলেন, এই ধরনের আলোচনা তাকে বিরক্ত করেনি। বরং তিনি বিষয়টিকে হাস্যরসের সঙ্গেই দেখেছেন। তার কথায়, "আমার বয়সে দাঁড়িয়ে এমন ভাবনাচিন্তা দেখে ভাল লাগছে। দেশ যে এগোচ্ছে তা বোঝা যাচ্ছে।" 

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন নীনা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং তাদের মেয়ে হলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্ত। পরে ২০০৮ সালে তিনি দিল্লির ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।