শাহিদ কাপুরের মা, বর্ষীয়ান অভিনেত্রী নীলিমা আজিম সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর তিন তিনটে বিয়ে নিয়ে মুখ খুলেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সত্যতা যাচাই না করেই কীভাবে সোশ্যাল মিডিয়ার কাটাছেঁড়া তাঁকে 'কালিমালিপ্ত' করার চেষ্টা করে।

নীলিমা আজিম তিনবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। প্রথমবার পঙ্কজ কাপুরের সঙ্গে, এরপর রাজেশ খট্টর এবং তাঁর তৃতীয় বিয়ে হয়েছিল ওস্তাদ রাজা আলী খানের সঙ্গে। শাহিদ কাপুর হলেন নীলিমা ও পঙ্কজের সন্তান, অন্যদিকে ঈশান খট্টরের বাবা হলেন রাজেশ খট্টর।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে তিনি জীবনে এগিয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার 'বিষাক্ত' পরিবেশ তাঁকে আজও তাড়া করে বেড়ায়। নীলিমা বলেন, "সেদিনও কেউ একজন মন্তব্য করেছেন যে 'মদ খেয়ে কী হাল হয়েছে দেখুন'। অথচ আমি মদ্যপানই করি না। কোনও সত্যতা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় এমন সব মন্তব্য করা হয়।" নিজের বিয়েগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে নীলিমা স্বীকার করেন যে অর্থ বা সম্পত্তি তাঁর কাছে কখনওই অগ্রাধিকার পায়নি।

বর্ষীয়ান এই অভিনেত্রী জানান, "আমি খুব সাধারণ পুরুষদের বিয়ে করেছিলাম যাদের টাকা ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল তারা মানুষ হিসেবে দারুণ এবং অত্যন্ত প্রতিভাবান। আমি কখনওই বিত্ত-বৈভব দেখে বিয়ে করিনি। জীবনে এমন কোনও সম্পর্ক খুঁজিনি যারা আমার কেরিয়ার গড়ে দেবে বা আমার ব্যবসায় টাকা ঢালবে; এটা আমার জীবনধারা নয়। আমি নিজের ক্ষমতায় যা করার করেছি। থিয়েটার, টেলিভিশন, সঞ্চালনা থেকে শুরু করে নাচ—সবই করেছি। অভিনেত্রী হিসেবে আমি ২৭টা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি, কাজ করেছি নামী সব অভিনেতাদের সঙ্গে। কিন্তু আমি কখনওই নিজের ঢোল নিজে পেটাইনি।" 

নীলিমা আরও বলেন, "এখন আমার মনে হয় এমন এক পর্যায়ে আমি পৌঁছেছি যেখানে মুখ খোলা প্রয়োজন। আমি আমার বিয়ে ভাঙতে চাইনি, কিন্তু যখন কিছু ঘটে যায়, তার নেপথ্যে কারণ থাকে। কাউকে দোষারোপ করা খুব সহজ।" 

এর আগে এক সাক্ষাৎকারে রাজেশ খট্টরের সঙ্গে বিয়ে নিয়ে নীলিমা বলেছিলেন, "দ্বিতীয় বিয়েটা টিকে যেত যদি কিছু অনভিপ্রেত ঘটনা না ঘটত যা মোকাবিলা করা কঠিন ছিল। আমার মনে হয় যদি আরও নিয়ন্ত্রণ এবং যুক্তি থাকত তবে হয়তো সম্পর্কটা টিকে যেত। কিন্তু তা হওয়ার ছিল না। মুম্বইয়ের লড়াই আর চাপের মুখে অনেক সময় মানুষ হার মেনে নেয়। কিন্তু আমি আবার উঠে দাঁড়াতে জানি। আমার জীবনে দুই ছেলে (শাহিদ ও ঈশান) আছে, যারা আমার অনুপ্রেরণা এবং অফুরন্ত সুখ ও সাহসের উৎস।"