বলিউডে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে তারকাদের ভাবমূর্তি নিয়ে কারসাজি বা ‘পেইড নেগেটিভ পিআর’ ক্রমশ এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই নোংরা ট্রেন্ড নিয়ে মুখ খুললেন খোদ নওয়াজউদ্দিন সিদ্দিকি। এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিকটি নিয়ে তিনি কতটা বিরক্ত।

 

সোশ্যাল মিডিয়ার এই যুগে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কোনো তারকার ইমেজ, কেরিয়ার ধ্বংস করার জন্য গুজব ছড়ানো বা অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচার চালানো এখন জলভাত। সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকি সরাসরি আঙুল তুললেন এই  টাকা দিয়ে নেগেটিভ পিআর-এর দিকে। তাঁর মতে, অভিনয়ের ক্ষমতা বা প্রতিভা এখন গৌণ হয়ে যাচ্ছে পরিকল্পিত অপপ্রচারের কাছে।


অভিনেতা জানালেন, একজন অভিনেতার নিয়ন্ত্রণে শুধু তাঁর অভিনয়টুকুই থাকে, কিন্তু সেই অভিনয় কতদূর পৌঁছাবে বা মানুষ তাকে কীভাবে দেখবে, তা এখন আর অভিনেতার হাতে নেই। নওয়াজউদ্দিনের কথায়, “এই সময়টা একটা চরম পর্যায়ে পৌঁছেছে। তবে এর চেয়েও খারাপ কিছু হয়তো ভবিষ্যতে আসতে পারে। এই জগতটা খুব অদ্ভুত। আমার মনে হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই এই প্রবণতা থাকবে। সৃজনশীলতার জন্য এই সময়টা খুবই খারাপ।”

দর্শকের বিচারবুদ্ধি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। নওয়াজ আক্ষেপ করে বলেন, “লোকজন নিজের বুদ্ধি বা শিক্ষা কোথায় হারিয়ে ফেলছে? ১০ জন মানুষকে টাকা দিয়ে যদি বলানো হয় যে কোনো অভিনেতা ভাল, তবেই কি দর্শক তা বিশ্বাস করবে? এটা খুব অদ্ভুত। আমার মতো অভিনেতাদের এই সস্তা কৌশলের প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের কাজের ওপর বিশ্বাস রাখি।”

শুধুমাত্র নওয়াজ নন, এই বিষাক্ত ট্রেন্ডের কবলে পড়েছেন আরও অনেকেই। এই বছরের শুরুর দিকে ‘বর্ডার ২’  ছবির টিজার মুক্তির পর বরুণ ধাওয়ানের হাসি ও পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। পরে জানা যায়, সেই সমালোচনাগুলো নাকি পরিকল্পিত এবং টাকা দিয়ে করানো হয়েছিল। ছবির প্রযোজক নিধি দত্তও এই পেইড নেগেটিভ পিআর-এর তীব্র নিন্দা করেছিলেন।

 

নেতিবাচক প্রচারের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে নওয়াজউদ্দিন এখন ব্যস্ত তাঁর নতুন প্রজেক্ট নিয়ে। আদিত্য কৃপালনি পরিচালিত ‘মেইন অ্যাক্টর নেহি হুঁ’ ছবিতে নওয়াজুদ্দিনের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। মুম্বইয়ের এক সংগ্রামরত অভিনেতা এবং ফ্রাঙ্কফুর্টের এক অবসরপ্রাপ্ত  ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মচারী অনলাইন অ্যাক্টিং সেশনের মাধ্যমে তৈরি হওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প এটি। ৮ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সস্তা প্রচারের এই বাজারে নওয়াজউদ্দিনের মতো শিল্পীদের এই দৃঢ় অবস্থান নিঃসন্দেহে ইন্ডাস্ট্রির জন্য একটি বড় বার্তা।