মঞ্চে বা পর্দায় তাঁর তুখোড় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। আবার প্রায়ই বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামেও উঠে আসেন তিনি। তিনি, মুনাওয়ার ফারুকি। কৌতুকানুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে জেলও খেটেছিলেন। এরপর ‘বিগ বস ১৭’-এর চ্যাম্পিয়নের স্ট্যান্ডেও দাঁড়িয়েছেন মুনাওয়ার। কিন্তু আলো–ঝলমলে সেই দুনিয়ার বাইরেও একজন অত্যন্ত দায়িত্বশীল বাবা হিসেবে পরিচিত মুনাওয়ার ফারুকি । সম্প্রতি এক কথোপকথনে তিনি শেয়ার করলেন এমন একটি ব্যক্তিগত মুহূর্ত, যা তাঁর ছেলে মিখাইল ফারুকি-কে বড় করে তোলার সময় কোন মূল্যবোধ তিনি শেখাতে চান, তা স্পষ্ট করে দেয়।

এক আলোচনায় সানা খান-এর সঙ্গে কথা বলতে গিয়ে মুনাওয়ার জানান, একদিন তিনি জানতে পারেন যে তাঁর ছেলে মিখাইল বাড়ির এক পরিচারিকার  সঙ্গে একটু রূঢ় আচরণ করেছিল। ঘটনাটি শুনেই তিনি বুঝেছিলেন, এই মুহূর্তটি ছেলেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার সময়।
সেই প্রসঙ্গেই মুনাওয়ার বলেন, “সম্প্রতি জানতে পারি, যে দিদি মিখাইলকে দেখাশোনা করেন, তাঁর সঙ্গে একটু খারাপভাবে কথা বলেছিল ও। এটা শুনেই আমি কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। তারপর ওকে বলি, যদি এমন আচরণ করে থাকো, তাহলে আগে গিয়ে তাঁর কাছে ক্ষমা চাও, তারপর আমার সঙ্গে কথা বলবে।”

তিনি আরও জানান, ছেলে পরে গিয়ে সেই কর্মীর কাছে ক্ষমা চায়। মুনাওয়ারের মতে, সেই মুহূর্তটাই মিখাইলকে বুঝিয়ে দেয়, এমন আচরণ কতটা ভুল হতে পারে। তাঁর কথায়, “আমি সবসময় ছেলেকে বলি, সম্মান আগে তোমার থেকেই আসতে হবে। কেউ বড় বা ছোট -সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেককেই সম্মান করতে শিখতে হবে।”

মুনাওয়ারের মতে, রাগ করে তিরস্কার করার বদলে তিনি ইচ্ছে করেই কিছুক্ষণ নীরব ছিলেন। এতে ছেলেটি নিজের ভুলটা নিজেই উপলব্ধি করতে পেরেছে। তাঁর বিশ্বাস, ছোটবেলা থেকেই যদি মানুষকে সম্মান করার শিক্ষা দেওয়া যায়, তা ভবিষ্যতে বড় মূল্যবোধ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, মিখাইল হলেন মুনাওয়ার এবং জ্যাসমিন ফারুকি-র ছেলে। ২০১৭ সালে তাঁদের বিয়ে হলেও পরে সম্পর্কে ভাঙন ধরে এবং ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ২০১৮ সালে জন্মানো মিখাইল তার বাবার খুব কাছের বলেই জানা যায়।

মুনাওয়ার এর আগেও বহুবার জানিয়েছেন, বাবা হওয়ার পর তাঁর জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই বহু সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর ছেলের কথাই প্রথমে মনে আসে। রিয়েলিটি শো লক আপ এবং বিগ বস ১৭-এ অংশ নেওয়ার সময়ও তিনি বারবার বলেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় প্রেরণা তাঁর ছেলে। বিচ্ছেদের পরও দীর্ঘ সময় মিকায়েল বাবার সঙ্গেই থেকেছে, যা তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

অন্যদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন মুনাওয়ার। সম্প্রতি তিনি আবারও সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন ‘দ্য সোসাইটি সিজন টু’-এ। পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা খুব শিগগিরই করতে চলেছেন বলে জানা গিয়েছে।

 

 

&t=371s