সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
লাগাতার ডিপফেকের শিকার ম্রুণাল! কী হুঁশিয়ারি দিলেন?
মঙ্গলবার সন্ধ্যায় ম্রুণাল ঠাকুর তাঁদের হুঁশিয়ারি দিলেন যাঁরা তাঁর ছবি ভুল ভাবে ব্যবহার করছেন। বিশেষ করে এআইয়ের সাহায্যে বা ডিপফেক করে যে ছবি বানানো হচ্ছে তাঁর, সেটা বন্ধ করার নির্দেশ দেন। এদিন এই বিষয়ে সমাজমাধ্যমে ম্রুণাল ঠাকুর লেখেন, 'ডিপফেক কন্টেন্ট বানানো এবং সেটাকে শেয়ার করা, তাও আমার ইচ্ছার বিরুদ্ধে আইনত অপরাধ। এটা একেবারেই গ্রহণযোগ নয়। যাঁরা এই কাজ করেন, এটি তাঁদের জন্য শেষ বার্তা, বন্ধ করুন এইসব। আমার ছবি বা পরিচিতি নিয়ে আর কোনও ভুলভাল কাজ করলে আইনি পদক্ষেপ নেব।' কেবল ম্রুণাল নন, অতীতে অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি, প্রীতি জিন্টা সহ একাধিক তারকা কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁদের ছবি ভুল ভাবে বন্ধের আবেদন জানিয়ে।

'পাকিস্তান আমাদের মাসি', হঠাৎ কেন এমন বললেন সানি দেওল?
সম্প্রতি 'বাটওয়ারা ১৯৪৭' ছবির একটি ইভেন্টে এসে সানি দেওল জানালেন তাঁরা পাকিস্তানে গিয়ে কোনও শুটিং করেননি, সবটাই ভারতে হয়েছে। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে ঐতিহাসিক যে সম্পর্ক বা বন্ধন রয়েছে সেই বিষয়েও কথা বলেন। এদিন তিনি তাঁর বাবা, তথা প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর একটি কথা উল্লেখ করে বলেন, 'কোনও অনুভূতির কথা বলব না, কারণ একটা সময় গোটা দেশ এক ছিল। যেমন আমার বাবা বলতেন, এই দেশ আমার মা, আর ওই দেশ মাসি। আর এই কথাটা আপনারা সবাই জানেন। ফলে আমরা কোথাও না কোথাও সবাই একে অন্যের সঙ্গে জড়িত।'
শিবাঙ্গীর জন্য ফিনালের জায়গা ছেড়ে দিলেন হর্ষদ!
'লক আপ ২' -এর সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে হর্ষদ চোপড়া গ্র্যান্ড ফিনালে থেকে সরে দাঁড়িয়েছেন, এবং সেই জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন বাদ পড়ে যাওয়া প্রতিযোগী শিবাঙ্গী যোশীকে। একদিকে অনেকে যেমন হর্ষদের প্রশংসা করেছেন তাঁর এই আত্মত্যাগের জন্য, অন্যদিকে তেমনই শিবাঙ্গীকে দোষারোপ করা হচ্ছে। এবার এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন রীতেশ দেশমুখ। তিনি হর্ষদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। জানিয়েছেন, 'বন্ধু হিসেবে কারও কথা ভাবলে, মানুষ এভাবেই তাঁর পাশে থাকেন। শুধু ও একা নয়, শ্রেয়া, শিল্পাও একে অন্যের পাশে দাঁড়িয়েছেন।'
















