অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তাঁদের এই আলাদা হওয়ার খবরের মাঝেই একটি ভুয়ো পোস্ট  সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে মৌনী অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ের কথা ঘোষণা করেছেন। মূলত, বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে মৌনী এবং সূরজ যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করার পরপরই এই ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয় যে মৌনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, জীবনের একটি অধ্যায় শেষ করার পর তিনি দিশার মধ্যে তাঁর আশ্রয় খুঁজে পেয়েছেন এবং তাঁরা দুজনে এখন এই ভালবাসার সম্পর্ককে বিয়েতে রূপ দিতে প্রস্তুত। তবে এই দাবির কোনও সত্যতা নেই। ভুয়ো পোস্টে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে ২০১৫ সালের জুন মাসের একটি পুরোনো ছবি, যখন দিশার জন্মদিন উদযাপনের অংশ হিসেবে তাঁরা দু'জনে একসঙ্গে একটি ইস্কন মন্দিরে গিয়েছিলেন।

পুরো বিষয়টি খতিয়ে দেখলে স্পষ্ট হয় যে, অনলাইনে বিভ্রান্তি ও ভুয়ো খবর ছড়ানোর উদ্দেশ্যে মৌনীর ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশটকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত বা ম্যানিপুলেট করা হয়েছে। একদিকে যেমন মৌনীর বিয়ে ভাঙার জন্য দিশাকেই দায়ী করছেন অনেক নেটিজেনরা, তখনই এমন একটা পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। 

প্রসঙ্গত, মৌনী রায় এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক নতুন গুঞ্জন শুরু হয়েছে। ডিভোর্সের ঘোষণার পর হঠাৎ করেই ইনস্টাগ্রামে সূরজকে আবার ফলো করতে শুরু করেছেন মৌনী। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাঁদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? মৌনী রায়ের এই কঠিন সময়ে তাঁর সবচেয়ে কাছের বন্ধু, অভিনেত্রী দিশা পাটানিকে সবসময় তাঁর পাশে দেখা গিয়েছে। বাঙালি অভিনেত্রী যখন সূরজকে আবার ফলো করা শুরু করেছেন, তখন ভক্তদের নজর যায় দিশা পাটানির দিকে। যদিও দিশা কিন্তু এখনও সূরজকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। মৌনী ও সূরজের বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, দিশা পাটানির সঙ্গে মৌনীর অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং একসঙ্গে বেশি সময় কাটানোটা হয়তো সূরজ সহজভাবে নিতে পারেননি।