অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে 'মন্টু পাইলট'। সঙ্গে নতুন রহস্য, নতুন গল্পের হাতছানি। এদিন হইচই প্ল্যাটফর্মের এই আসন্ন ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এল, তাতেই মিলল কোন আভাস? 

২.১১ মিনিটের 'মন্টু পাইলট' সিরিজের ঝলক জুড়ে কেবলই মারকাটারি অ্যাকশন, গোলা বারুদ, উগ্রতা। আবারও যেন সেই চেনা রূপে ফিরলেন সৌরভ দাস। আর এসবের মাঝেই কি ফিরে এল ভ্রমর? যে ভ্রমরকে নীলকুঠি থেকে নিয়ে গিয়ে সংসার পাতার স্বপ্ন দেখেছিল মন্টু, সে আবারও আদিমতম পেশায় লিপ্ত হয়েছে, তাও নতুন নাম নিয়ে? নাকি সে আদতেই শ্রাবণী? কোন রহস্য লুকিয়ে আছে? উত্তর আগামী ৪ মার্চ পাওয়া যাবে। 

'মন্টু পাইলট' সিরিজের পরবর্তী সিজন আনার দাবি দর্শক বহুদিন ধরেই জানাচ্ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হতে চলেছে। আগামী ৪ মার্চ স্ট্রিম করা শুরু হবে 'মন্টু পাইলট সিজন ৩'। নাম ভূমিকায় ফের ধরা দেবেন সৌরভ দাস। ভ্রমর তথা শ্রাবণীর ভূমিকায় থাকবেন শোলাঙ্কি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় পার্নো মিত্র, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখকে দেখা যাবে। দেবালয় ভট্টাচার্য সিরিজটির পরিচালনা করেছেন। 

নীলকুঠিতে এবার নতুন চমক 'কালিন্দী'। কৌশলী বুদ্ধিমত্তার মাধ্যমে সে এক নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করে। এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পার্নো মিত্রকে। হইচইয়ের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে এক গুরুত্বপূর্ণ নতুন সংযোজন কিউ। ‘মন্টু পাইলট ৩’ -এ তিনি জাহাঙ্গির চরিত্রে ধরা দেবেন। এই সিজনে মন্টুর সে প্রধান প্রতিপক্ষ। পরিচালনার বাইরে একদম অন্যভাবে ধরা দিতে চলেছেন কিউ।

এদিন হইচই প্ল্যাটফর্মের তরফে এই প্রোমো প্রকাশ্যে এনে লেখা হয় 'নীলকুঠি কাউকে ছাড়ে না। মন্টু ফিরছে তার ভ্রমরের খোঁজে। এইবার মাটি নয়, কাঁপবে আকাশ।' কিন্তু মন্টুর প্রশ্নের কাছে কি শেষ পর্যন্ত শ্রাবণীর আসল রূপ ফাঁস হবে? উত্তর সময় দেবে।

প্রসঙ্গত, ২১ জানুয়ারি সৌরভ দাসের জন্মদিন উপলক্ষে হইচই প্রকাশ করেছিল তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রদের লুক। এবারও মন্টু সেই রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিলেও, সে যেন অনেক বেশি পরিণত, সংযত এবং অভিজ্ঞতার ভারে নুয়ে পড়া এক মানুষ। বয়স ও জীবনযুদ্ধের ছাপ এই মন্টুর উপস্থিতিতে বেশ স্পষ্ট।