গোরা এবং এলার জীবন থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে মৈনাক সরতেই এন্ট্রি নিয়েছে নায়কের প্রাক্তন, নেহা। গোরার জন্মদিনের দিন থেকেই গল্পে এসেছে নতুন টুইস্ট। এবার কোন চমক আসছে?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোরার সঙ্গে বাইরে বেরিয়েছে নেহা। একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে দুজনে। নেহা গোরাকে বিয়ের প্রস্তাব দিতেই শিউরে ওঠে সে। জানায়, বিবাহিত। এটা সে কিছুতেই করতে পারবে না। সে বিবাহিত, এটা তো বদলানোর নয়। অতীত কখনই বর্তমান বা ভবিষ্যৎকে অ্যাফেক্ট করতে পারে না। গোরা এও জানায় যে সে নেহাকে কখনই ভালবাসেনি। সে কেবলই গোরার প্রিয় বন্ধু ছিল।
এরপরই নেহা যখন জানায়, গোরা যেন এই মিথ্যে আর না বলে। বরং ও এলাকে ডিভোর্স দিক, তারপর ওরা বিয়ে করবে। এতদিন সে অপেক্ষা করেছে, আরও পাঁচ মাস নাহয় করবে। এলা চলে গেলে ওরা বিয়ে করবে। এই কথা শুনেই চমকে ওঠে নায়ক। বলে এটা অসম্ভব। সে কিছুতেই আর বিয়ে করতে পারবে না। তবে কি গোরা আদতে এলাকে ভালবেসে ফেলেছে? কেবল স্বীকার করার অপেক্ষায়? এখন তৃতীয় ব্যক্তি আসায় সেটা বুঝবে? নাকি আবার দূরে যাবে দুজনে? গল্পে আগামীতে কী ঘটে সেটাই জানতে মুখিয়ে দর্শক।
















