হলিউডের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় নাম ‘রুসো ব্রাদার্স’। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ -এর অভূতপূর্ব সাফল্যের পর মার্ভেলের ডুবতে বসা তরী পার করতে ফের পরিচালকের আসনে ফিরেছেন অ্যান্টনি ও জো রুসো। ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ উপহার দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে তাঁদের কাঁধে। কিন্তু এই দুটি মেগা প্রজেক্টের কাজ শেষ হওয়ার আগেই হলিউড ইন্ডাস্ট্রিতে এক নতুন গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এই দুটি ছবি ছাড়াও মার্ভেলের ঝুলিতে রয়েছে ওঁদের আরও একটি ‘সিক্রেট’ অ্যাভেঞ্জার্স প্রজেক্ট!
‘দ্য কসমিক সার্কাস’-এর জনপ্রিয় ইন্ডাস্ট্রি ইনসাইডার অ্যালেক্স পেরেজ প্রথম এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছেন। মার্ভেল স্টুডিওজ অবশ্য এখনও এই খবরের ওপর অফিশিয়াল সিলমোহর দেয়নি।

মার্ভেলের ভেতরের খবর ফাঁস করে পেরেজ জানিয়েছেন, রুসো ব্রাদার্স ইতিমধ্যেই নয়া আরও একটি অ্যাভেঞ্জার্স ছবির কাজ শুরু করে দিয়েছেন। ওঁর দাবি, “আমি নির্ভরযোগ্য সূত্র এবং সাম্প্রতিক কিছু প্রমাণের ভিত্তিতে নিশ্চিত করতে পারি যে, ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স ছাড়াও রুসো ব্রাদার্স আরেকটি অ্যাভেঞ্জার্স সিনেমা নিয়ে কাজ করছেন। ওঁদের দেওয়া কিছু ইঙ্গিত অনুযায়ী, প্রবল সম্ভাবনা রয়েছে যে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ ছবিটিকে দুটি পার্টে ভেঙে রিলিজ করা হবে। এটি সিক্রেট ওয়ার্স-এর পরবর্তী কোনও নতুন সিক্যুয়েলও হতে পারে।”
মার্ভেল এখনও পর্যন্ত অফিশিয়ালি দুটি ছবির কথাই ঘোষণা করেছে। তাই এই ছবিটি নিয়ে বিশ্বজুড়ে কমিকস ফ্যানদের মধ্যে থিওরি তৈরি হওয়া শুরু হয়ে গেছে।
আপাতত মার্ভেল ভক্তদের মূল নজর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবির দিকে। এই ছবিতেই ওয়াকান্ডা, ফ্যান্টাস্টিক ফোর, এক্স-মেন এবং নিউ অ্যাভেঞ্জার্সদের এক ছাদের নিচে আনা হচ্ছে এক মহাযুদ্ধের জন্য। আর সবচেয়ে বড় চমক হিসেবে আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবার ফিরছেন মার্ভেলের সবচেয়ে বড় খলনায়ক ‘ডক্টর ডুম’ সেজে।
ঘোষণা অনুযায়ী, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১৮ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে। অন্যদিকে ওঁর পরবর্তী পার্ট ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ বড় পর্দায় ঝড় তুলবে আগামী ২০২৭ সালের ১৭ই ডিসেম্বর। এখন দেখার, মার্ভেল স্টুডিওজ কবে ওঁদের এই ‘অ্যাভেঞ্জার্স’-এর রহস্যময় ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করে।














