মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের অন্ত নেই। বিশেষ করে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বারবারই তাঁর নাম জড়িয়েছে বিভিন্ন ব্যক্তির সঙ্গে। সম্প্রতি মডেল ও রিয়্যালিটি শো তারকা সোরাব বেদীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু এবার সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন খোদ অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে কোনও সঙ্গীর প্রয়োজন নেই তাঁর।

আসলে কিছু দিন আগে একটি অনুষ্ঠানে সোরাব বেদীর সঙ্গে মালাইকাকে নাচ করতে এবং হাসিমুখে সময় কাটাতে দেখা গিয়েছিল। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় চর্চা। নেটিজেনদের একাংশ ধরে নেন যে মালাইকা ফের নতুন করে প্রেমে পড়েছেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, এসব খবর এখন তাঁর কাছে এক প্রকার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “শুরুতে এগুলো পাত্তা দিতাম না, কিন্তু এখন বেশ বিরক্ত লাগে। তবে শেষমেশ বিষয়গুলোকে হাসির খোরাক হিসেবেই দেখি।”

মজার বিষয় হল, এই গুজব নিয়ে শুধু মালাইকা নন, তাঁর ছেলে আরহান খানও বেশ মজাই পান। মালাইকার কথায়, “আমি আর আরহান এই ধরনের খবর পড়ে হাসাহাসি করি। ও জানে সত্যিটা ঠিক কী।” নিজের বর্তমান জীবন নিয়ে বেশ খুশি মালাইকা। তিনি জানান, একা মা হিসেবে তিনি এখন স্বাধীন জীবন উপভোগ করছেন। নতুন কিছু শুরু করা এবং নিজের শর্তে বেঁচে থাকাটাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

প্রেমে পড়ার সম্ভাবনা কি একেবারেই নেই? মালাইকা অবশ্য মনের দরজা বন্ধ করে দেননি। তিনি বলেন, “সঙ্গী থাকা বা ভালবাসা পাওয়াটা অবশ্যই সুন্দর বিষয়। কিন্তু তার জন্য আমি মরিয়া নই। জীবনে যদি প্রেম আসার থাকে তবে আসবে, সেটা আগে থেকে পরিকল্পনা করে হয় না। তবে হ্যাঁ, কোনও সম্পর্কে জড়ালে সেটা হবে সম্পূর্ণ আমার শর্তে।”

অন্যদিকে সোরাব বেদীও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মালাইকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর বাইরে অন্য কোনও সমীকরণ তাঁদের মধ্যে নেই। সব মিলিয়ে মালাইকা বুঝিয়ে দিলেন, তিনি এখন নিজেকে নিয়েই ব্যস্ত, কোনও গুঞ্জন তাঁর মানসিক শান্তিতে বিঘ্ন ঘটাতে পারবে না। আপাতত কাজ ও‌ ছেলে আরহানকে নিয়েই তাঁর পৃথিবী।