বলিউডের গত চার দশকের অন্যতম সফল, বিতর্কিত এবং প্রভাবশালী পরিচালক মহেশ ভাট পাকাপাকিভাবে পরিচালনা থেকে অবসর নিলেন। ৫০টিরও বেশি ছবি উপহার দেওয়া এই বর্ষীয়ান পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রযোজনা বা থিয়েটার নাটকের সাথে যুক্ত থাকলেও, ভবিষ্যতে আর কোনও ফিচার ফিল্ম পরিচালনা করবেন না। বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির ‘বাণিজ্যিক ছক’ ও কর্পোরেট নিয়মের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েই তাঁর এই সিদ্ধান্ত।

একটি সাক্ষাৎকারে মহেশ ভাটকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আবারও পরিচালকের আসনে ফিরবেন? জবাবে স্পষ্ট ‘না’ বলে মহেশ ভাট বর্তমান সিনেমা তৈরির কর্পোরেট দাসত্ব নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আজকের দিনে সিনেমা বা কনটেন্ট কেমন হবে, তা নির্দিষ্ট কিছু ডিজাইনের ওপর ভিত্তি করে আগে থেকেই ঠিক করে দেওয়া হয়। যখন সবকিছুই চাপিয়ে দেওয়া নিয়মে চলে, তখন সেখানে একজন স্বাধীন শিল্পীর ভূমিকা কোথায়? যেখানে জীবন আছে, সেখানে প্রাণবন্ততা থাকবে, কোনো বেঁধে দেওয়া নিয়ম নয়।”

ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমার ব্যবসায়িক ‘অ্যালগরিদম’কে এক হাত নিয়ে ভাট বলেন, “আজকাল সমস্ত অ্যালগরিদম কেবল সংখ্যার (ভিউস ও কালেকশন) পেছনে ছুটছে। তারা আপনাকে একটা নির্দিষ্ট টেমপ্লেটের মধ্যে নিজেকে কেটেকুটে ফিট করতে বাধ্য করছে। এই খাঁচায় আমি বন্দি হতে পারব না।”

বলিউডের বর্তমান অবস্থা নিয়ে পুরোপুরি আশাহত নন মহেশ। ইমতিয়াজ আলির সাম্প্রতিক কাজ ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ -র ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে আমার দেখা অন্যতম সেরা কাজ এটি। আমি এটা নিয়ে লিখেছিও। আমার মনে হয় এটা একটা বিদ্রোহের মুহূর্ত।”এছাড়াও  তিনি মনে করেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, কিছু সাহসী গল্পকার সবসময়ই থাকবেন যারা এই বাণিজ্যিক ছক ভেঙে বেরিয়ে এসে নতুন ইতিহাস লিখবেন।

প্রসঙ্গত, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সম্পর্কভিত্তিক কালজয়ী ড্রামা ‘অর্থ’  মহেশ ভাটের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ১৯৮৪ সালে অনুপম খেরের কেরিয়ারের মাইলস্টোন ছবি ‘সারাংশ’ তৈরি করে নিজেকে প্রথম সারিতে প্রতিষ্ঠা করেন তিনি।নয়ের দশকে তিনি বলিউডকে উপহার দেন ‘সড়ক’ (১৯৯১), ‘স্যার’ (১৯৯৩), ‘ক্রিমিনাল’ (১৯৯৫), ‘দস্তক’ (১৯৯৬), ‘তামান্না’ (১৯৯৭) এবং ‘ডুপ্লিকেট’ (১৯৯৮)-এর মতো সুপারহিট সিনেমা। এছাড়া আমিরের ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ ছবির চিত্রনাট্যও তাঁরই লেখা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘কার্তুজ’ ছবিটির পর তিনি একবার পরিচালনা থেকে বিরতি নিয়েছিলেন। দীর্ঘ ২১ বছর পর, ২০২০ সালে আলিয়া ভাট ও সঞ্জয় দত্তকে নিয়ে ‘সড়ক ২’ ছবির মাধ্যমে কামব্যাক করলেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এবার পরিচালকের আসন চিরতরে তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন বলিউডের এই বিতর্কিত ব্যক্তিত্ব।