২০২৫ সালের মহাকুম্ভের সময় নজর কাড়েন ভাইরাল গার্ল মোনালিসা ওরফে মোনালিসা ভোঁসলে। সেই সময় তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠার পাশাপাশি বলিউডেও ডেবিউ করেন। পরিচালক সনোজ মিশ্রর নজরে পড়ায়, তিনি তাঁকে একটি ছবিতে সই করান। এবার সেই সনোজ মিশ্রর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন মোনালিসা।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে মোনালিসা দাবি করেন তিনি নাকি সনোজ মিশ্রর হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। এই অভিজ্ঞতার কথা স্মরণ করে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মোনালিসা। জানান একাধিকবার তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছেন পরিচালক।
মোনালিসা তাঁর বক্তব্যে বলেন, 'সনোজ মিশ্র মোটেই ভাল মানুষ নন। আমার গায়ে ১০ বার হাত দিয়েছেন।' মহাকুম্ভের ভাইরাল গার্ল এদিন আরও বলেন, তিনি এই বিষয়ে তাঁর পরিবারকেও জানিয়েছেন। কিন্তু তাঁরা তাঁকে সমর্থন করেননি। এদিন মোনালিসা যখন কথা বলছিলেন তাঁর কথায় রাগ, ক্ষোভ, হতাশা দেখা দিচ্ছিল। বর্তমানে তিনি এর বিচার চান বলেই জানিয়েছেন। তাঁর দাবি, তিনি কীসের মধ্যে দিয়ে গিয়েছেন, সেটা কেবল তিনি একাই জানেন।
মোনালিসা এদিন আরও বলেন, 'আমি জানি আমার উপর দিয়ে কী গিয়েছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমার কেবল বিচার চাই।' তবে মোনালিসার এই দাবির পর সনোজ মিশ্রর তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মোনালিসা প্রায় এক বছর পর আবার খবরের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি তিনি তাঁর বাড়ি থেকে পালিয়ে কেরলে চলে আসেন প্রেমিকের সঙ্গে। মুসলিম এক ছেলেকে মন দিয়েছেন, বিয়ে করতে চান জানালে তাঁর পরিবার বিরোধিতা করে। সেই কারণে তিনি পালিয়ে আসেন। কেরলের একটি মন্দিরে তাঁদের বিয়ে হয়। তবে বিয়ের পর তিনি এবং ফরমান পুলিশের দ্বারস্থ হয়েছেন সাহায্য চেয়ে, কারণ তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। এর মধ্যেই মোনালিসা এ হেন গুরুতর অভিযোগ আনলেন সনোজ মিশ্রর বিরুদ্ধে।
