২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। 

ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। তাঁদের বিয়ের সাজগোজে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া ছিল। বিয়ের পরে একটুও ছুটি নেননি মধুমিতা। ফিরেছিলেন শুটিং ফ্লোরে। সেই সময় স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'র প্রথম সিজনে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন তিনি।

সামাজিক বিয়ের পাঁচ মাস পর আইনি বিয়ে সারলেন মধুমিতা। স্বামী দেবমাল্যর সঙ্গে রেজিস্ট্রির ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেত্রী। তেমন কোনও আড়ম্বর নয়, বাড়িতেই ঘরোয়াভাবে এই আইনি বিয়ে সেরেছেন তাঁরা।অভিনেত্রীর পোস্টে নেটিজেন থেকে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। 

সামাজিক বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়নায় সেজেছিলেন মধুমিতা সরকার। মায়ের হাত ধরে ফুলের চাদরে নিচে হেঁটে বিয়ের মণ্ডপে আসেন। অন্যদিকে বিয়ের রাতে দেবমাল্য পরেছিলেন লাল বন্ধগলা পাঞ্জাবি এবং ধুতি। দেবমাল্য এবং মধুমিতা ছোটবেলার বন্ধু। মাঝে তাঁদের দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। পরে সেই যোগাযোগ পুনঃস্থাপন হতেই নতুন জীবন শুরু করলেন। বছর দুয়েক আগে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন মধুমিতা। পুজোর শেষে আলাপ করান প্রেমিক এবং বর্তমান বরের সঙ্গে। তারপর থেকে নানা সময় তাঁদের কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

বিয়ের পর মধুমিতা এখন জোরকদমে কাজ করছেন। কয়েকটা ছবির কথা রয়েছে, হাতে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের কাজও। অন্যদিকে, তাঁর নতুন দাম্পত্য জীবন বেশ কাটছে দেবমাল্যর সঙ্গে।