ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকী ওয়েব দুনিয়া, সর্বত্র তিনি তাঁর ছাপ রেখেছেন। মধুমিতা সরকারের অভিনয়ে মুগ্ধ ৮ থেকে ৮০। সদ্যই তাঁকে দেখা গিয়েছিল 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের সিজন ১ -এ। তারপর কিছুদিনের বিরতি নিয়ে আবারও কাজে ফিরছেন। কোথায় দেখা যাবে, কী প্রজেক্ট সবটাই জানালেন আজকাল ডট ইনকে।
এদিন ইনস্টাগ্রামে মধুমিতা সরকার তাঁর আগামী প্রজেক্টের লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, খয়েরি রঙের শাড়ি, ছাই রঙা ব্লাউজ পরে একটি স্কুলের করিডোরে দাঁড়িয়ে আছেন। চুল খোলা তবে সামনে সিঁথি করে রংবেরঙের ব্রেইডস দিয়ে দুটো বেণী বেঁধে তা মাথার পিছনে আটকানো। হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর। তিনি যে ঝলক পোস্ট করেছেন, তাতে একটি ক্লাসরুমের দৃশ্যও দেখা যাচ্ছে। তবে তিনি শিক্ষিকা নাকি ছাত্রের মা সেটা স্পষ্ট নয়। এই ছবি এবং ছোট্ট একটি ভিডিও পোস্ট করে মধুমিতা লেখেন, 'জীবনে যখন যেমন আসে, তেমনই তাতে কাজ করছি। নতুন প্রজেক্ট।'
তাঁর এই পোস্ট দেখে বিষয়টা বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে মধুমিতা সরকার জানান এটি কোনও সিরিজ বা সিরিয়াল নয়। তিনি আবারও বড়পর্দায় ফিরছেন। তবে ছবির নাম কী, তাঁর বিপরীতে কে আছেন, কিছুই খোলসা করতে চাইলেন না। অভিনেত্রীর কথায়, "নতুন একটা প্রজেক্ট। তবে ডিটেলে খুব কিছু বলা যাবে না। পরিচালক চান না এখনই বিস্তারিত প্রকাশ্যে আসুক। তবে এটুকু বলতে পারি প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, মজার।"
নায়ক কে সেটা না বললেও মধুমিতা বলেন, "সাহেবদা-সহ আরও অনেকে আছেন। কিন্তু বাকিটা এখনই বলা যাবে না। বিশেষ করে হিরোর নাম এখন বলা যাবে না।"
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মধুমিতাকে দর্শক এর আগে 'চিনি', 'চিনি ২', 'কুলের আচার' -এর মতো সিনেমায় দেখেছেন। আর প্রতিটি ছবিই দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। ফলে তাঁর এই নতুন ছবির ঘোষণা হতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ যে বাড়বে সেটা নিঃসন্দেহে বলা যায়। ছবিতে আর কী কী চমক রয়েছে সেটার দিকেই নজর থাকবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিয়ের কয়েক মাস পর আবারও নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মধুমিতা সরকার। পাত্রও একই আছে। আসলে দেবমাল্য এবং মধুমিতার চার হাত এর আগে সামাজিক নিয়ম, নীতি মেনে এক হয়েছিল। রেজিস্ট্রি হয়নি। সেটাই কিছুদিন আগে হয়েছে। নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্ত, দর্শকদের সঙ্গে খোদ অভিনেত্রী ভাগ করে নিয়েছেন।
















