কবে ফিরছে মাধুরী-অনিল জুটি?

বলিউডের সেরা অন-স্ক্রিন জুটির ইতিহাসে যে যে নাম সবার আগে সিনেমা প্রেমীদের মাথায় আসে, তাদের মধ্যে অন্যতম অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। আটের ও নয়ের দশকে ‘তেজাব’, ‘বেটা’, ‘রাম লক্ষণ’, ‘পুকার’, ‘খেল’ কিংবা ‘জামাই রাজা’-র মতো একের পর এক ব্লকবাস্টার আইকনিক ছবি উপহার দিয়েছেন এই দুই তারকা। পর্দায় ওঁরদের রোমান্স আর কেমিস্ট্রি আজও বলিউডের ইতিহাসে সেরা জুটিগুলির অন্যতম।


এইমুহূর্তে মাধুরী দীক্ষিত ওঁর আসন্ন ছবি ‘মা বোন’ নিয়ে তুমুল ব্যস্ত। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মাধুরীকে প্রশ্ন করা হয়েছিল— দর্শক কি আবার ওঁরদের প্রিয় ‘ধক ধক’ গার্ল আর ‘ঝাকাস’ হিরোকে একসাথে রূপোলী পর্দায় দেখতে পাবেন? অনিলের সঙ্গে রিইউনিয়নের এই প্রশ্ন উঠতেই উপস্থিত দর্শকদের তুমুল হাততালি আর চিৎকারে ফেটে পড়ে গোটা হলঘর।ট্রেলার লঞ্চের পর সাক্ষাৎকারে নিজের মনের কথা খোলসা করেন ‘বেটা’ অভিনেত্রী। অনিল কাপুরের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করার বিষয়ে মাধুরী জানান, সুযোগ পেলে তিনিও অনিলের সঙ্গে আবার কাজ করতে মুখিয়ে আছেন। কিন্তু সেই প্রজেক্টটিকে ওঁরদের তৈরি করা অতীত সাফল্যের মানদণ্ড ছুঁতে হবে।মাধুরী দীক্ষিত স্পষ্ট ভাষায় বলেন, “আমরা দু’জনেই আবার একসাথে একটা দারুণ সিনেমা করতে চাই, তবে তার জন্য চিত্রনাট্য হতে হবে জবরদস্ত । এটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ছবিটির মেকিং এবং স্কেলও হতে হবে চমৎকার, কারণ দর্শকমনে আমাদের জুটির একটা আলাদা ঐতিহ্য রয়েছে। আমাদের সেই সম্মানের মর্যাদা ধরে রাখতে হবে। তাই ছবির বিষয়বস্তু যেন অবশ্যই ভাল হয় এবং সব দিক থেকে যেন সবকিছু ঠিকঠাক ব্যাটে-বলে মেলে, তবেই আমরা কামব্যাক করব।”

 

 

দিলদরিয়া টাইগার 

টাইগার শ্রফ ওঁর দুর্দান্ত স্টান্ট এবং কড়া ওয়ার্কআউট রুটিনের জন্য যুবসমাজের কাছে এক মস্ত বড় অনুপ্রেরণা। তবে শুধু নিজে ফিট থাকাই নয়, ফিটনেস নিয়ে যারা সমাজ গঠনে কাজ করছেন, তাঁদের পাশে দাঁড়াতেও যে তিনি দ্বিধা করেন না, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেতা। সম্প্রতি উত্তরপ্রদেশের এক প্যারা-অ্যাথলিট  উৎকর্ষ মিশ্র -র এক অভিনব ফিটনেস প্রচারের ডাকে সাড়া দিয়ে নেটপাড়ার মন জয় করে নিলেন টাইগার।

জানা গেছে, প্যারা-অ্যাথলিট উৎকর্ষ মিশ্র নিজের শহরে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিদিন একটি বিশেষ ফিটনেস ক্যাম্পেইন চালাচ্ছেন। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে ওঠেন এবং নিজে কঠিন ট্রেনিং করার পাশাপাশি সাধারণ মানুষকে একটি সুস্থ ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে উৎসাহিত করেন।নিজের এই স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছিলেন উৎকর্ষ। আর সেই কারণেই তিনি সরাসরি বলিউডের ফিটনেস আইকন টাইগারের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ভিডিও বার্তায় উৎকর্ষকে বলতে শোনা যায়, “টাইগার স্যার, এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে, তবে আমি আপনার সঙ্গে অন্তত একবার একসঙ্গে ওয়ার্কআউট করতে চাই। কারণ আমি আমার এই ফিটনেস ক্যাম্পেইন বা প্রচারকে গোটা দেশের স্তরে নিয়ে যেতে চাই। তাই দয়া করে একটা কমেন্ট করুন এবং চলুন, আমরা একসঙ্গে জিম সেশন করি।”উৎকর্ষের এই আবেগঘন এবং অনুপ্রেরণামূলক বার্তাটি শেষ পর্যন্ত এড়াতে পারেননি টাইগার শ্রফ। একজন প্যারা-অ্যাথলিটের এই লড়াই এবং সমাজের প্রতি ওঁর এই ইতিবাচক চিন্তাভাবনাকে শুধু একটা লাইক দিয়ে ছেড়ে দেননি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উৎকর্ষের সেই ভিডিওটি শেয়ার করে এক পরম আন্তরিকতায় ভরা আমন্ত্রণ জানান টাইগার।


সারাদিনে কতক্ষণ কাজ করেন অমিতাভ?

বয়স স্রেফ একটা সংখ্যামাত্র— এই প্রবাদটি বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন-এর ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি। ৮৩ বছর বয়সে এসেও যেখানে অনেক মানুষ অবসর জীবনযাপন করেন, সেখানে বিগ বি কিন্তু আজও ওঁর কাজের প্রতি সমান উৎসর্গীকৃত এবং এনার্জিতে ভরপুর। দীর্ঘ কেরিয়ারে একের পর এক কালজয়ী ছবি উপহার দেওয়া এই বর্ষীয়ান অভিনেতা ইদানীং ওঁর ব্যক্তিগত ব্লগ এবং ‘টাম্বলার’ অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত অনুরাগীদের সাথে নিজের জীবনের সুখ-দুঃখ ও চিন্তাভাবনা ভাগ করে নেন। সম্প্রতি ওঁর ব্লগের একটি নতুন পোস্ট নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে, যেখানে বিগ বি জানিয়েছেন— টানা সারারাত জেগে ভোর ৪টে পর্যন্ত কাজ করেছেন তিনি!

গত শনিবার দুপুর ১টা নাগাদ করা একটি পোস্টে অমিতাভ বচ্চন ওঁর বর্তমান কাজের ব্যস্ত শিডিউল এবং দেশজুড়ে চলা তীব্র দাবদাহ নিয়ে অনুরাগীদের সচেতন করে লেখেন, “এইমাত্র ঘুম থেকে উঠলাম... ভোর ৪টে পর্যন্ত একটানা কাজ করেছি। আর এখন আমি আবার পরবর্তী কাজের জন্য পুরোপুরি প্রস্তুত । সবাই ভাল থেকো... রোদের তীব্রতা এবং এই মারাত্মক গরম থেকে নিজের খেয়াল রেখো। শরীর যেন হাইড্রেটেড থাকে, প্রচুর জল খেও সবাই।”

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার?

টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং গ্ল্যামারাস অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। ওঁর নিখুঁত অভিনয় আর রূপের জাদুতে বুঁদ কোটি কোটি দর্শক। পেশাদার জীবনে তুমুল সফল এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় জেনিফারের বিয়ে নিয়ে যে জোর জল্পনা চলছিল, এবার তা আরও একধাপ এগিয়ে গেল। অভিনেত্রী ঘনিষ্ঠ বেশ কিছু সূত্রের দাবি— জেনিফার উইঙ্গেট আর সিঙ্গল নন, তিনি সিঙ্গাপুর-ভিত্তিক এক নামী ব্যবসায়ী উইলিয়াম ইশমায়েল -এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং খুব জলদিই এই জুটি ছাদনাতলায় পৌঁছাতে চলেছেন!

জেনিফারের বিয়ে নিয়ে ফ্যানেদের মনে সন্দেহের দানা বাঁধে যখন নেটপাড়ার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর কিছু সাম্প্রতিক অ্যাক্টিভিটি বা গতিবিধি নোটিশ করেন। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একটি বিয়ের নাচের ভিডিও বা ‘ওয়েডিং ড্যান্স রিল’ (-এ জেনিফারের করা একটি রিঅ্যাকশন বা মন্তব্য ফ্যানেদের নজরে আসে।প্রথমে এটিকে সবাই ক্যাজুয়াল মনে করলেও, জল্পনা সত্যি রূপ নেয় যখন দেখা যায় জেনিফার ইনস্টাগ্রামে একের পর এক বেশ কিছু নামী ওয়েডিং প্ল্যানার, ডিজাইনার এবং বিয়ে সংক্রান্ত পেজ ফলো করতে শুরু করেছেন। একজন টপ স্টার হঠাৎ কেন বিয়ের পেজ ফলো করবেন— এই প্রশ্নই নেটপাড়ায় আলোচনার ঝড় তোলে। আর এবার সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, পর্দার ‘মায়া’ সত্যিই বাস্তবে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করার জোরদার প্রস্তুতি নিচ্ছেন।