এ কোন আদনান?
বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার আদনান সামি আবারও খবরের শিরোনামে। তবে এবার তাঁর গান বা ওজনের জন্য নয়, বরং তাঁর এক সম্পূর্ণ অভাবনীয় এবং ‘বোল্ড’ লুক নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। সম্প্রতি আদনান তাঁর একটি নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে এমন এক অবতারে দেখা যাচ্ছে যা আগে কখনও তাঁর ভক্তরা কল্পনাও করতে পারেননি।ছবিটিতে আদনানকে দেখা যাচ্ছে এক বিশেষ ঘরানার সাজে। গায়ে রয়েছে স্তরে স্তরে সাজানো ভারী গয়না, পরনে আভিজাত্যপূর্ণ ট্র্যাডিশনাল পোশাক এবং হাতে স্পষ্ট একাধিক ট্যাটু। শুধু পোশাক নয়, তাঁর চোখের চাহনি এবং অভিব্যক্তিতেও রয়েছে এক তীব্র নাটকীয়তা।ছবিটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।আদনান নিজে এই ছবিটির পেছনে থাকা আসল রহস্য ফাঁস করেননি। তবে তাঁর এই ‘ক্যারেক্টার লুক’ দেখে নেটপাড়ায় জল্পনা শুরু হয়েছে যে, এটি হয়তো কোনও বড় মিউজিক ভিডিওর ঝলক অথবা কোনও ওটিটি সিরিজ বা সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।
বক্স অফিসে ছুটছেন ‘শিবাজি’
মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের বীরগাথা রূপালী পর্দায় আবারও ম্যাজিক তৈরি করছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহারাষ্ট্র দিবসে মুক্তি পাওয়া রিতেশ দেশমুখের বহুপ্রতক্ষিত বায়োপিক ‘রাজা শিবাজি’ বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। মুক্তির দ্বিতীয় রবিবারে (১০ম দিন) ছবিটির ব্যবসায় এক অভাবনীয় পরিবর্তন দেখা গেছে। এবং তা ভাল-র দিকেই।
ট্রেড অ্যানালিস্ট সংস্থা ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ১০ম দিনে ছবিটি ভারতে ৬.৮০ কোটি টাকার ব্যবসা করেছে। কর্মদিবসগুলোতে ব্যবসার গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও, দ্বিতীয় সপ্তাহান্তে পুনরায় গতি ফিরে পেয়েছে এই ঐতিহাসিক ড্রামা।রিতেশ দেশমুখ পরিচালিত ও অভিনীত এই ছবিটি মারাঠি এবং হিন্দি—উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে। তবে প্রত্যাশামতোই মারাঠি বাজারে ছবির পারফরম্যান্স অনেক বেশি শক্তিশালী। ১০ম দিনের মোট আয়ের মধ্যে ৫.০০ কোটি টাকাই এসেছে মারাঠি শো থেকে, যেখানে হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ১.৮০ কোটি টাকা। সব মিলিয়ে ৮০ কোটি যায় করে ফেলেছে এই ছবি।
ফের আশুতোষের ছবিতে আমির
‘লগান’ স্রেফ একটি সিনেমা ছিল না, তা ছিল এক সাংস্কৃতিক বিপ্লব। আমির খান এবং পরিচালক আশুতোষ গোয়ারিকর—এই জুটির হাত ধরেই ভারতীয় সিনেমা পৌঁছে গিয়েছিল অস্কারের দোরগোড়ায়। দীর্ঘ ২৫ বছর পর আবারও সেই ম্যাজিক ফিরতে চলেছে। তবে এবার কাল্পনিক ‘ভুবন’ নয়, পর্দার লড়াই হবে বাস্তব ইতিহাসের প্রেক্ষাপটে। বক্স অফিস এবং ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আমির খান ও আশুতোষ গোয়ারিকর আবারও এক হতে চলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের বায়োপিকের জন্য। ‘লগান’ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক কাল্পনিক ক্রিকেট যুদ্ধ। কিন্তু এই নতুন প্রজেক্টটি আদ্যোপান্ত বাস্তবধর্মী এবং ইতিহাসনির্ভর। ছবির কাহিনী আবর্তিত হবে ১৯৪৭ সালের ভারত ভাগের উত্তাল সময়কে কেন্দ্র করে। লালা অমরনাথের বর্ণময় জীবন এবং তাঁর ক্রিকেট সফরের মাধ্যমে দেশভাগের সেই যন্ত্রণাকাতর আবেগ পর্দার ফুটিয়ে তোলা হবে। বলাই বাহুল্য মুখ্যভূমিকায় দেখা যাবে আমিরকে। অন্যদিকে, চিত্রনাট্য তৈরির সময় আমির ও আশুতোষকে বিশেষ পরামর্শ দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি এবং লেখক অভিজাত জোশি।















