‘ড্রাগন’-এ আলিয়া?

দক্ষিণী পরিচালক প্রশান্ত নীল তাঁর ডার্ক এবং ইনটেন্স সিনেমার জন্য পরিচিত। অন্যদিকে জুনিয়র এনটিআর এখন গ্লোবাল স্টার। তাঁদের আগামী ছবি ‘ড্রাগন’ নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে ছিল, এবার তাতে যুক্ত হলো আলিয়া ভাটের নাম। যদি সব ঠিক থাকে, তবে রাজামৌলির ‘আরআরআর’-এর পর এটিই হবে আলিয়ার দ্বিতীয় তেলুগু প্রজেক্ট। খবর, নির্মাতারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আলিয়ার সঙ্গে কথা বলছেন। ছবিতে প্রধান নায়িকা হিসেবে রুক্মিণী বসন্তের নাম আগেই চূড়ান্ত হয়েছে, তবে আলিয়ার অন্তর্ভুক্তি ছবির ওজন অনেক বাড়িয়ে দেবে।

 

 

শুধু আলিয়া নন, শোনা যাচ্ছে টোভিনো থমাসের পরিবর্তে শাহিদ কাপুরকেও দেখা যেতে পারে এই ছবিতে। অর্থাৎ, উত্তর থেকে দক্ষিণ—সব দর্শক টানতেই কোমর বেঁধে নেমেছেন প্রশান্ত নীল। তবে জল্পনা যাই হোক, আগামী ২০ মে জুনিয়র এনটিআর-এর জন্মদিনে এই ছবির কাস্টিং নিয়ে একের পর এক আনুষ্ঠানিক বিবৃতি আসার কথা রয়েছে।

 


শুরু হল ‘ফোর্স ৩’ 

জন আব্রাহামের সেই দুর্ধর্ষ 'এসিপি যশবর্ধন' আবারও ফিরছেন! ভব ধুলিয়ার পরিচালনায় শুরু হয়ে গিয়েছে 'ফোর্স ৩' -এর প্রথম শিডিউলের কাজ। অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই টানটান উত্তেজনা তৈরি হয়েছে। বলিউডের অন্যতম সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’ ফিরছে তার তৃতীয় কিস্তি নিয়ে। যশরাজ ফিল্মসের ‘পাঠান’-এর পর জন আব্রাহামকে আবারও এক দুর্ধর্ষ পুলিশ অফিসারের চরিত্রে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ এবং ‘দ্য ফ্রিল্যান্সার’ খ্যাত পরিচালক ভব ধুলিয়ার হাত ধরে এবার আরও বড় স্কেলে আসতে চলেছে ‘ফোর্স ৩’।


জন আব্রাহামের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘জেএ এন্টারটেইনমেন্ট’ এবং ‘ক্যারোলিনা কর্পোরেশন’-এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। জন আব্রাহাম তাঁর আইকনিক এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রেই থাকছেন। তবে এবারের বড় চমক হলো অভিনেতা হর্ষবর্ধন রানে। পর পর দুটি বক্স অফিস হিট দেওয়ার পর হর্ষবর্ধন এই ফ্র্যাঞ্চাইজিতে ঠিক কী চরিত্রে থাকছেন, তা এখনও গোপন রাখা হয়েছে। জনের পেশিবহুল শরীরের পাশে হর্ষবর্ধনের রুক্ষ-সুঠাম চেহারা যে পর্দায় আগুন জ্বালাবে, তা বলাই বাহুল্য।‘ফোর্স ৩’-এর গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সামলাচ্ছেন রবি বসরুর এবং গান লিখেছেনইরশাদ কামিল। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।


ফের পিছোচ্ছে ‘টক্সিক’?

যশের প্যান-ইন্ডিয়া ফিল্ম 'টক্সিক' নিয়ে জল্পনার অন্ত ছিল না। অনেকেই রটিয়ে দিয়েছিলেন যে, ৪ জুন এই ছবি মুক্তি পাবে না। কিন্তু এবার খোদ ছবির অভিনেত্রী তারা সুতারিয়া সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন। ফারহা খানের সাম্প্রতিক এক ইউটিউব ভ্লগ-এ এসে তারা জানিয়ে দিলেন, ‘টক্সিক’ একদম সঠিক সময়েই প্রেক্ষাগৃহে আসছে।ফারহা খানের জনপ্রিয় ইউটিউব ভ্লগে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারা সুতারিয়া। সেখানে নিজের জীবন ও কাজ নিয়ে গল্পের ফাঁকেই ‘টক্সিক’ প্রসঙ্গ ওঠে। তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান যে, জল্পনা যাই হোক না কেন, যশের এই মেগা প্রজেক্ট আগামী ৪ জুন, ২০২৬ তারিখেই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে।


আগে কথা ছিল ১৯ মার্চ রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে বড় পর্দায় টক্কর দেবে ‘টক্সিক’। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘর্ষের জেরে উদ্ভূত উত্তেজনার কারণে ছবির কাজ ব্যাহত হয়। বিদেশের কিছু শিডিউল বদলে যাওয়ায় নির্মাতারা মার্চ থেকে মুক্তি পিছিয়ে ৪ জুন নিয়ে আসেন। প্রসঙ্গত, ২০২৩ সালে ছবিটির ঘোষণা হলেও ২০২৪ সাল থেকে পুরোদমে শুটিং শুরু হয়। কন্নড় এবং ইংরেজি—উভয় ভাষাতেই একযোগে শুটিং হয়েছে ছবিটির। বেঙ্কট কে নারায়ণ এবং খোদ যশের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে।