বলিউড অভিনেত্রী কৃতি স্যানন সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন, তবে বর্তমানে কবীর বাহিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি যেন দিন দিন আরও প্রকাশ্য হয়ে উঠছে। গত কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে, কৃতি লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন। যদিও কৃতি বা কবীর কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবে তাঁদের বিভিন্ন সময়ের উপস্থিতি এবং একসঙ্গে তোলা ছবিগুলো প্রতিনিয়ত নেটপাড়ায় ভাইরাল এবং এই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কৃতি ও কবীরকে লন্ডনে 'কোয়ালিটি টাইম' কাটাতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে তাঁদের দু'জনকে লন্ডনের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। কবীর একটি নীল রঙের সোয়েটশার্ট ও ম্যাচিং কো-অর্ড প্যান্ট পরেছিলেন, আর কৃতি পরেছিলেন একটি বাদামী রঙের ফিটেড টি-শার্ট, নীল ব্যাগি জিন্স এবং বাদামী পাফার জ্যাকেট। সঙ্গে পায়ে ছিল একজোড়া কালো বুট।

ভিডিওতে দেখা যায়, তাঁরা দু'জন যখন গল্প করতে করতে হাঁটছিলেন, তখন কবির হঠাৎ লক্ষ্য করেন যে কেউ তাঁদের ভিডিও করছে। তবে তিনি ক্যামেরা দেখে বিরক্তি প্রকাশ করেননি বা ভিডিও বন্ধ করতে বলেননি, বরং কৃতির সঙ্গে কথা বলতে বলতেই হাঁটতে থাকেন। তবে ভিডিওটি ঠিক কবেকার তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও কৃতি এখন লন্ডনেই রয়েছেন, তবুও ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরনো তা নিশ্চিত কোনও খবর নেই।

প্রসঙ্গত, কৃতিকে আগামীতে দেখা যেতে চলেছে 'ককটেল ২' ছবিতে। এই ছবিটিকে ২০১২ সালে মুক্তি পাওয়া 'ককটেল'-এর সিক্যুয়েল হিসেবেই এতদিন মনে করছিলেন দর্শক। তবে জানা যাচ্ছে এই ছবির সঙ্গে 'ককটেল'-এর কোনও মিল নেই। ছবিতে কৃতি স্যাননকে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও শাহিদ কাপুরের সঙ্গে। তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। জানা যাচ্ছে, কৃতি ও রশ্মিকার মধ্যে ছবিতে সমকামী সম্পর্ক দেখা যাবে। অন্যদিকে শাহিদের চরিত্রেও রয়েছে 'মিস্ট্রি'।