সম্পর্ক ভাঙার গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে কৃতি স্যাননের জন্মদিনে বড় আপডেট দিলেন তাঁর চর্চিত ব্রিটিশ ব্যবসায়ী প্রেমিক কবীর বাহিয়া। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি তাঁর ৩৬তম জন্মদিন উদযাপন করলেন। আর এই বিশেষ দিনেই অনুরাগীদের নজর কেড়ে নিল তাঁর চর্চিত প্রেমিক কবীর বাহিয়ার একটি পোস্ট। ভারতীয় সময় অনুযায়ী জন্মদিনের পরের দিন এই শুভেচ্ছা বার্তা সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন শোরগোল। কারণ, এর ঠিক আগেই এই জুটির ব্রেকআপ নিয়ে সরগরম ছিল নেটপাড়া।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হওয়ার পর গুঞ্জন শুরু হয়েছিল যে কৃতি এবং কবীরের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। এক যুবতীর সঙ্গে কবীরের একটি ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ধরে নেন যে তাঁরা আলাদা হয়ে গেছেন।
তখন টুঁ শ্বেতী না করলেও সমস্ত জল্পনাকে এক ফুঁয়ে এবার উড়িয়ে দিলেন কবীর স্বয়ং। জন্মদিনে কৃতিকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করেন কবীর, যার ক্যাপশনে লেখেন— "হ্যাপি কে ডে"। সঙ্গে জুড়ে দেন একটি নীল রঙের হার্ট ইমোজি, বার্থডে কেক এবং পার্টি ফেস ইমোজি। শুধু তাই নয়, এর পাশাপাশি একটি ইয়টের ওপর দু'জনের পোজ দেওয়া আরও একটি সুন্দর ছবি পোস্ট করেন তিনি, যার ক্যাপশনে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি। আর সেই পোস্টগুলো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করে সমস্ত জল্পনায় জল ঢেলে দেন খোদ কৃতিও।

অন্যদিকে খবর, ভাইরাল হওয়া ছবিতে কবীরের সঙ্গে যে মেয়েটিকে দেখা গিয়েছিল, তিনি আদতে এক পারিবারিক বন্ধু এবং কবীর তাঁকে নিজের বোনের মতো দেখেন। সেই ছবিটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় বিনা যাচাইয়ে মিথ্যা খবর ছড়ানো হয়েছিল বলে ক্ষোভ প্রকাশ করেন ওই সূত্রটি।
এর আগে কৃতিও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বছরের প্রথমার্ধের কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁদের সম্পর্কে কোনও বরফ জমে নেই। একটি পারিবারিক অনুষ্ঠানে গায়ক সুখবীরের পারফরম্যান্সের সময় কৃতির ঠিক পাশেই দেখা গিয়েছিল কবীরকে। সবমিলিয়ে, কবীরের এই জন্মদিনের শুভেচ্ছা এবং কৃতির সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি প্রমাণ করে দিল—এই তারকাদম্পতির মাঝে সব ঠিকঠাকই আছে!
















